IIT খড়গপুরের উন্মোচিত ৭৫ টাকার স্মারক মুদ্রার বুকিং শুরু, কোথায় পাবেন?

Published:

iit-kharagpur-booking (1)

আনিষা চৌধুরী, কলকাতা: দেশের প্রথম আইআইটি (Indian Institute of Technology Kharagpur) খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২১ নভেম্বর পশ্চিম মেদিনীপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দিয়ে মুদ্রাটির উদ্বোধন করেন তিনি। দেশের প্রযুক্তিশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আইআইটি খড়্গপুরের অবদানকে স্মরণ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। উদ্বোধনের পর এবার সাধারণ মানুষের জন্যও মুদ্রাটি কেনার সুযোগ তৈরি হয়েছে। ২৮ নভেম্বর থেকে কলকাতা টাঁকশালের ওয়েবসাইটে শুরু হয়েছে এর অগ্রিম বুকিং।

কেমন দেখতে এই বিশেষ মুদ্রা?

সরকারি তথ্য অনুযায়ী, ৭৫ টাকা মূল্যের এই স্মারক কয়েনটি তৈরি হয়েছে ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ রুপো দিয়ে। এর ওজন ৪০ গ্রাম এবং ব্যাস ৪৪ মিলিমিটার। মুদ্রার এক পিঠে রয়েছে অশোক স্তম্ভের সিংহচিহ্ন, অন্য পিঠে রয়েছে আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জুবিলির লোগো। কলকাতা টাঁকশালের ওয়েবসাইটে প্রুফ সেট হিসেবে বুকলেট প্যাকিংয়ে পাওয়া যাচ্ছে এটি। এর প্রাথমিক দাম ধার্য করা হয়েছে ১২,২৮৬ টাকা। তবে ধাতুর বাজারদরের উপর নির্ভর করে ভবিষ্যতে এই দাম পরিবর্তিত হতে পারে।

শুধু আইআইটি খড়্গপুর নয়, এর আগেও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিত্বকে স্মরণ করে একাধিক স্মারক মুদ্রা প্রকাশ করেছে ভারত সরকার। যেমন, এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৭৫ টাকার মুদ্রা, ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কয়েন এবং এনএইচপিসি-র ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছে।

সাধারণ মুদ্রার সঙ্গে স্মারক মুদ্রার মূল পার্থক্য হল, এগুলি দৈনন্দিন কেনাকাটা বা লেনদেনের জন্য তৈরি করা হয় না। বরং কোনও গুরুত্বপূর্ণ ঘটনা, প্রতিষ্ঠান, ঐতিহাসিক মুহূর্ত কিংবা বিশিষ্ট ব্যক্তিত্বের অবদানকে দীর্ঘদিন ধরে স্মরণীয় করে রাখতেই এই ধরনের কয়েন প্রকাশ করা হয়। মূলত মুদ্রা সংগ্রাহক এবং ইতিহাসে আগ্রহী মানুষের কাছে এগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। তাই মুদ্রার গায়ে লেখা মূল্য এবং সংগ্রহের জন্য নির্ধারিত বিক্রয়মূল্য এক নয়।

আরও পড়ুন: ফের বিপাকে অভিষেক, এবার লালবাজারে সাইবার সেলে অভিযোগ দায়ের

কোথা থেকে বুকিং?

ভারতে এই ধরনের স্মারক মুদ্রা তৈরির জন্য রয়েছে সরকারি টাঁকশাল। কলকাতা, মুম্বই এবং হায়দরাবাদে অবস্থিত তিনটি সরকারি টাঁকশালে মুদ্রা তৈরি করা হয়। যে টাঁকশালে এই ধরনের কোনও বিশেষ মুদ্রা তৈরি হয়, সাধারণত সেখান থেকেই তার বিক্রি ও বুকিংয়ের ব্যবস্থা করা হয়। এই প্রক্রিয়ায় রিজার্ভ ব্যাঙ্কের সরাসরি কোনও ভূমিকা নেই। ফলে আইআইটি খড়্গপুরের এই বিশেষ মুদ্রাটি সংগ্রহ করতে আগ্রহীদের কলকাতা টাঁকশালের ওয়েবসাইট থেকেই বুকিং করতে হবে।

google button