“অভিষেকের পায়ের তলায় পড়ে থাকত” ঋতব্রতর বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Published:

Kalyan Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: আপাতত বিরোধী দলনেতা নন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ১০ দিন পশ্চিমবঙ্গ বিধানসভায় থাকবে না কোনও লিডার অফ অপজিশন। এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের মামলা খারিজ করে জানিয়েছিলেন তিনি। তবে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করলেন মমতা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ‘অভিষেকের পায়ের নিচে পড়ে থাকত ঋতব্রত!’ সংবাদমাধ্যমের সামনে অকপটে স্বীকার করলেন তিনি।

ঋতব্রতর বিরুদ্ধে এবার বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বর্তমানে দেশের রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে একটাই আওয়াজ–ডিলিমিটেশন বিল। ইতিমধ্যেই প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে ফেলেছে এনডিএ। একে একে ইন্ডি জোটের বিরোধীদলগুলি এনডিএকে সমর্থন জানাচ্ছে। এমনকি মমতা, রাহুলরা আজ স্ট্যালিন এবং শরদ পাওয়ারের কাছে ছুটে পর্যন্ত গিয়েছেন। অন্যদিকে আবার মমতা তৃণমূলে পড়ে রয়েছেন যে ৮ জন সাংসদ, তাঁদের মধ্যে সাসপেন্ড হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে এই ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবেন না তিনি। আবার অন্দরমহল সূত্রে খবর, বাকি ৭ জনের মধ্যে বেশ কয়েকজন নাকি ডিলিমিটেশনের পক্ষে ভোট দিতে পারেন।

তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা পদ থেকে সরানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার চরম কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মিডিয়ার সামনে এদিন তিনি বলেন, “লিডার অফ অপজিশনকে কেমন ছেটেছি? বড্ড বেড়েছিল না? ওকে পুকুরের জলে চোবাবো, পুকুরের জলে। বড্ড বাড়াবাড়ি। খুব বাজে, উল্টোপাল্টা কথা বলে নিজেকে বিশাল কিছু ভাবে। হরিদাস পাল। বাপের জন্মে কোনও দিন পশ্চিমবঙ্গের গ্রামের রাজনীতি করেনি। সিপিএমের দয়াতে ছিল। আমাদেরই দলের কোনও একটা লোক তাঁকে তুলে নিয়ে এসেছে।” 

আরও পড়ুন: পোর্টাল ও চ্যাটবটের সমস্যায় জেরবার, ডিজিটাল বার্থ সার্টিফিকেট নিয়ে বাড়ছে ভোগান্তি

এমনকি ঋতব্রত একসময় অভিষেকের পায়ের তলায় পড়ে থাকতে বলেই দাবি করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “অভিষেকের পায়ের তলায় পড়ে থাকত। এখন শুভেন্দুর কথায় উড়ছে। ফালতু থার্ড ক্লাস ছেলে। পশ্চিমবঙ্গের বেস্ট পলিটিকাল ব্রোকার।” প্রসঙ্গত, হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুকে আগামী ১০ দিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে যে কে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হবেন। সেক্ষেত্রে ঋতব্রত পুনরায় এই পদে বসতে পারেন, অথবা শোভনদেব চট্টোপাধ্যায়কেও নিয়োগ করা হতে পারে।

google button