আনিষা চৌধুরী, কলকাতা: জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট (Birth Certificate) প্রত্যেক নাগরিকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। স্কুলে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট তৈরি, সরকারি বিভিন্ন পরিষেবা কিংবা পরিচয় সংক্রান্ত একাধিক কাজে এই নথির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই জন্ম ও মৃত্যু শংসাপত্রের প্রক্রিয়াকে অনলাইন মাধ্যমে নিয়ে আসা হয়েছে। ২০২২ সালের ৫ মে থেকে পশ্চিমবঙ্গে ‘জন্ম-মৃত্যু তথ্য’ পোর্টালের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু বর্তমানে সেই ডিজিটাল বার্থ সার্টিফিকেট পেতেই কলকাতার বাসিন্দাদের একাংশকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
কী ধরনের সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ?
অভিযোগ, মাসের পর মাস অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় শংসাপত্র। কারও আবেদন পাঁচ-ছয় মাস ধরে আটকে রয়েছে, আবার কেউ আট মাস আগে স্লট বুক করেও সার্টিফিকেট হাতে পাননি। এর জেরে জরুরি পরিষেবার কাজও ব্যাহত হচ্ছে। যেমন, সন্তানের পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য বার্থ সার্টিফিকেট প্রয়োজন হলেও তা না পাওয়ায় সমস্যায় পড়ছেন অভিভাবকরা। একইভাবে স্কুলে নতুন করে ভর্তির ক্ষেত্রেও প্রয়োজনীয় নথি জমা দিতে পারছেন না অনেকে। ব্যাঙ্কের কাজেও ডিজিটাল বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কিন্তু কেন তৈরি হয়েছে এই পরিস্থিতি?
কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের ‘জন্ম-মৃত্যু তথ্য’ পোর্টালটি বারবার কাজ করা বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি কলকাতা পুরসভার নিজস্ব চ্যাটবট পরিষেবাতেও সমস্যা দেখা দিয়েছে। ফলে অনলাইনে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া কখনও সম্পূর্ণ বন্ধ থাকছে, আবার কখনও দিনে মাত্র চার-পাঁচটি আবেদন জমা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি ভুয়ো জন্ম শংসাপত্র সংক্রান্ত অভিযোগের তদন্তে সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশের তরফে পুরসভার সদর দফতর ও বিভিন্ন বরো অফিসে (Borough Office) তল্লাশি চালানো হয়। সেই সময় জন্মের রেজিস্টার বই বাজেয়াপ্ত করা হয়েছিল। ওই রেজিস্টারগুলি হাতে না থাকায় পুরকর্মীদের পক্ষে পুরনো নথির সঙ্গে তথ্য মিলিয়ে দেখা এবং আবেদন যাচাইয়ের কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে দ্রুত মুক্তি দিতে হলে প্রথমেই রাজ্য সরকারের পোর্টাল এবং কলকাতা পুরসভার চ্যাটবট পরিষেবার প্রযুক্তিগত সমস্যা মেটানো প্রয়োজন। পাশাপাশি বাজেয়াপ্ত হওয়া রেজিস্টার বইয়ের যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে প্রয়োজনীয় নথি পুরসভার হাতে ফেরানোর ব্যবস্থা করতে হবে। বাড়াতে হবে বার্থ সার্টিফিকেট বিভাগের কাউন্টার, কর্মীসংখ্যা এবং পরিকাঠামোও। উল্লেখ্য, গত ২ নভেম্বর পুর কমিশনার স্মিতা পাণ্ডে সংশ্লিষ্ট বিভাগ পরিদর্শন করে কাউন্টারের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। তবে সেই উদ্যোগ এখনও বাস্তবায়িত হয়নি বলে পুরসভার একাংশের দাবি।
আরও পড়ুন: তৃণমূলত্যাগী ২০ সাংসদের ভোট আটকানোর আর্জি, এবার স্পিকারকে চিঠি অভিষেকের
এদিকে কলকাতা পুরসভা সূত্রে পেন্ডিং আবেদনের সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছেছে। অবিলম্বে পরিষেবা স্বাভাবিক না হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। পুরসভার এক আধিকারিকের মতে, পোর্টাল ও চ্যাটবটের পরিষেবা দ্রুত সচল করার পাশাপাশি জন্ম শংসাপত্র দেওয়ার কাউন্টারগুলির পরিকাঠামো উন্নত করা জরুরি। কারণ, প্রযুক্তিগত সমস্যার সঙ্গে কর্মী ও পরিকাঠামোর ঘাটতি মিলিয়ে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। ফলে ডিজিটাল পরিষেবার সুবিধা পাওয়ার বদলে সাধারণ মানুষকেই এখন মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে।


