আনিষা চৌধুরী, কলকাতা: সরকার পরিবর্তনের পর রাজ্যে অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন অনেকে। সেই আবহেই এবার মাথার উপর পাকা ছাদের স্বপ্ন পূরণ হতে চলেছে তারকেশ্বরের (Tarakeswar) সোনার মেয়ে বুল্টি রায়ের (Bulti Roy)। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেলেও এতদিন টালির চালের ঝুপড়ি ঘরেই স্বামী ও দুই সন্তানকে নিয়ে দিন কাটাতে হত তাঁকে। এবার তাঁর হাতে ৩ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে বাড়ি তৈরির শংসাপত্র তুলে দিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান।
সরকারের বিরাট পদক্ষেপ
আবুধাবিতে আয়োজিত ‘ওয়ার্ল্ড মাস্টার্স গেম ২০২৬’-এ জোড়া স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন বুল্টি। এর আগে জাতীয় ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় চারটি ইভেন্টে অংশ নিয়ে চারটিতেই সোনা জিতেছিলেন তিনি। কিন্তু এত সাফল্যের পরেও তাঁর পারিবারিক আর্থিক পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। টালির চালের ছোট্ট ঘরেই স্বামী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন এই অ্যাথলিট।
বুল্টির বাড়ির পরিস্থিতির কথা সামনে আসার পর তাঁকে পাকা বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক সন্তু পান। সেই সময় তিনি বলেছিলেন, “আমি নিজের প্রচার করার জন্য ওনার বাড়িতে যাব না, ছবি তুলতে। আমি যেদিন ওনাকে পাকা বাড়ি দিতে পারব, সেদিন ছবি তুলব ওনার সঙ্গে।”
কথা রাখলেন বিধায়ক। এদিন বুল্টির হাতে বাড়ি তৈরির শংসাপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন বুল্টি, আজ সেই মুহূর্তেরই সাক্ষী থাকল গোটা তারকেশ্বর।
আরও পড়ুন: IIT খড়গপুরের উন্মোচিত ৭৫ টাকার স্মারক মুদ্রার বুকিং শুরু, কোথায় পাবেন?
বুলটি রায়কে যথাযথ সম্মান দিতে গিয়ে এদিন বিধায়ক সন্তু পান বলেন, “আমি একটা কথা বলি, আমরা মানুষ, মান-হুঁশ দুটোই থাকতে হবে। কথা দিয়ে চলে গেলাম, সেটা নয়। আমাদের কথা রাখার জন্য শেষ পর্যন্ত লড়াই করতে হবে। লড়াই কঠিন হয়, একদিনে হয় না। কিন্তু একদিন ঠিক হয়।”


