বিক্রম ব্যানার্জী, কলকাতা: জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী ভারত (India)। তাই তো বারবার সন্ত্রাসের আঁতুড় ঘর পাকিস্তানকে কড়া ভাষায় বোঝাতে হয়! সদ্য নতুন করে আরও একবার ইসলামাবাদকে সন্ত্রাস নিয়ে হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার অনুষ্ঠিত, আর্মি ডায়লগ থেকে একেবারে স্পষ্টভাষায় ভারতীয় সেনাবাহিনীর প্রধান বললেন, “পাকিস্তান যদি সন্ত্রাসকে আশ্রয় দিয়ে যায় এবং ভারতের বিরুদ্ধে অবৈধ কাজকর্ম অব্যাহত রাখে, তাহলে তারা ভূগোল ও ইতিহাসের অংশ হতে চায় কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে।”
পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের
গত 7 মে, অপারেশন সিঁদুরের এক বছর পূর্ণ হয়েছে। আর সেই দিনেই পাকিস্তানের সন্ত্রাসীদের উদ্দেশ্যে একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছিল ভারতীয় সেনা। স্মরণ করানো হয়েছিল গত বছরের অতীত। আর সেই হুঁশিয়ারির এক সপ্তাহ হতে না হতেই শনিবার আর্মি ডায়ালগ অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র বাবু সন্ত্রাসীদের উদ্দেশ্যে একেবারে কড়া বার্তা দিলেন।
ভারতীয় সেনাপ্রধানের কথায় একেবারে স্পষ্ট বোঝা গেল, ভারত অপারেশন সিঁদুর অব্যাহত রাখছে। এরপরেও যদি পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে যায় এবং ভারতের বিরুদ্ধে কুকর্ম অব্যাহত রাখে তবে তাদের দুর্দিন আসন্ন! উপেন্দ্র বাবুর বক্তব্য ছিল, “পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের এখনও আশ্রয় দেয় এবং ভারতের বিরুদ্ধে কুকর্ম অব্যাহত রাখে তবে তাঁরা ইতিহাস ও ভূগোলের অংশ হবে কিনা তা ঠিক করে নিক।”
অবশ্যই পড়ুন: আজ KKR-র হয়ে মাঠে নামতেই IPL-র প্রথম বিদেশি হিসেবে ইতিহাস গড়বেন সুনীল নারিন
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে পহেলগাঁওয়ে ধর্ম, পরিচয় জিজ্ঞেস করে 26 জন নিরীহকে হত্যা করেছিলেন পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা! আর সেই ঘটনার বদলা নিতেই 6 মে গভীর রাতে অর্থাৎ 7 তারিখ ভোররাতে পাকিস্তানের বুকে তান্ডব চালায় ভারতীয় বায়ুসেনা। বেছে বেছে গুঁড়িয়ে দেওয়া হয় পাক জঙ্গি ঘাঁটিগুলিকে। তাতে মৃত্যু হয় শতাধিক সন্ত্রাসীর।










