আজ KKR-র হয়ে মাঠে নামতেই IPL-র প্রথম বিদেশি হিসেবে ইতিহাস গড়বেন সুনীল নারিন

Published:

Sunil Narine To Make History in IpL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে হারের পর আজ পরাজয়ের দুঃখ ভোলাতে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর এই ম্যাচে পা রাখার সাথে সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন ক্যারিবিয়ান তারকা তথা কলকাতার দীর্ঘদিনের সৈনিক সুনীল নারিন (Sunil Narine)। এই এক ম্যাচে অংশ নেওয়ার মধ্যে দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 200 ম্যাচ সম্পন্ন করবেন তিনি। যা এর আগে করতে পারেননি কোনও বিদেশী ক্রিকেটার। যদিও এই তালিকায় রয়েছে 12 জন ভারতীয়র নাম।

ইতিহাস তৈরির অপেক্ষায় সুনীল নারিন

আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হবে কলকাতা বনাম শক্তিশালী গুজরাত বাহিনীর ম্যাচ। আর এই ম্যাচে কলকাতার প্রথম একাদশে সুনীল নারিন নাম লেখানোর সাথে সাথেই হয়ে উঠবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 200 ম্যাচে অংশগ্রহণকারী প্রথম বিদেশী ক্রিকেটার। বলাই বাহুল্য, আজকের ম্যাচের আগে পর্যন্ত 199টি IPL ম্যাচ খেলেছেন নারিন। এই আসরে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন স্পিনার 203টি উইকেট তুলেছেন। এত দীর্ঘ IPL কেরিয়ার সত্বেও ক্যারিবিয়ান তারকার ইকোনোমি রেট 7 এর কম।

ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি IPL ম্যাচ খেলেছেন কারা?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই দুই ক্রিকেটারই আজ পর্যন্ত 279টি করে ম্যাচে অংশ নিয়েছেন। যেখানে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি খেলেছেন 278টি ম্যাচ। এছাড়াও 200 ম্যাচ সম্পূর্ণকরা ভারতীয় প্লেয়ারদের তালিকা রয়েছে রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু এবং ভুবেনশ্বর কুমারের নাম।

অবশ্যই পড়ুন: ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ নেপালের সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, 2012 সালে কলকাতা নাইট রাইডার্স দলের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল সুনীল নারিনের। অবাক করা বিষয়, এরপর থেকে ক্যারিবিয়ান বন্ধুরা দল বদলালেও তিনি কিন্তু কলকাতা ছেড়ে যাননি। অর্থাৎ 2026 পর্যন্ত একটানা প্রতিটি সিজনেই কলকাতার হয়ে খেলেছেন এই ক্যারিবিয়ান স্টার।