লাদাখে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা, আহত পাইলট সহ ৩

Published:

Indian Army

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার খারাপ খবরে ঘুম ভাঙল দেশবাসীর। গতকাল অর্থাৎ শুক্রবার ভারতীয় সেনার (Indian Army) কর্মকর্তারা জানান, লাদাখের লেহর কাছেই ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার। কয়েকটি সূত্র মারফত খবর, হেলিকপ্টারটি শয়ুক নদীর একেবারে কাছেই পাহাড়ে আছড়ে পড়েছিল। স্বস্তির বিষয়, দুর্ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে হেলিকপ্টারটটি মাঝপথে পাহাড়ের কাছে ভেঙে পড়ায় হেলিকপ্টারের ভেতরে থাকা পাইলট, জেনারেল সহ 3 সেনা অফিসার আহত হয়েছেন।

কবে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা?

ভারতীয় সেনার তরফে জানানো হয়, গত 20 মে, লেহতে বিধ্বস্ত হয় হেলিকপ্টার চিতা। জানা যায়, হেলিকপ্টারটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি পাহাড়ের কাছেই আছড়ে পড়ে। যে ঘটনায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় সেনার উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আহত পাইলট সহ বাকি কর্মীদের চিকিৎসা চলছে।

কেন ঘটল এই দুর্ঘটনা?

ভারতীয় সেনার কয়েকটি সূত্র জানিয়েছে, 20 মে, লাদাখের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার ছিল। কম দৃশ্যমানতা বা খারাপ আবহাওয়ার মতো কোনও পরিস্থিতি সেদিন তৈরি হয়নি। কিন্তু তা সত্ত্বেও আকাশে ওড়ার পরই কেন হেলিকপ্টারটি পাহাড়ে ভেঙে পড়ল তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঠিক কোন কারণে এমন দুর্ঘটনা ঘটল, পাইলটের ভুল নাকি ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টারটিকে মাটিতে ফেলা হয়েছে সবটা খতিয়ে দেখতেই এক বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ভারতীয় সেনা।

অবশ্যই পড়ুন: ১০ দিনে তিনবার, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হল রেট?

প্রসঙ্গত, ভারতীয় সেনার ভাঁড়ারে বহু বছর ধরে রয়েছে চিতা হেলিকপ্টারগুলি। এটি মূলত একক ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার। একাধিক রিপোর্ট অনুযায়ী, আর্মি এভিয়েশনের হাতে বর্তমানে প্রায় 190টি চিতা, চেতাক এবং চিটাল হেলিকপ্টার। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ভারতীয় সেনার হাতে এই মুহূর্তে 5টি এমন হেলিকপ্টার রয়েছে যেগুলির বয়স 50 বছরেরও বেশি। অন্যদিকে বাকি হেলিকপ্টারগুলির বয়স 30 থেকে 50 বছরের মধ্যে।