বিক্রম ব্যানার্জী, কলকাতা: গাছ মানেই তার বড় বড় ডালপালা থাকবে। থাকবে সবুজ পাতা (India’s First Algae Tree)। এবার সেই ধারণা বদলে দিলেন ভোপালের বিজ্ঞানীরা! তৈরি করলেন দেশের প্রথম শৈবাল বৃক্ষ, যার কোনও পাতা বা ডালপালা নেই ঠিকই, তবে ওই এক বৃক্ষই 25টি গাছের সমান অক্সিজেন প্রদান করার ক্ষমতা রাখে। বিজ্ঞানীদের হাতে তৈরি তরল শৈবাল বৃক্ষটি অনুশৈবাল ও সৌরশক্তি ব্যবহার করে গাছের মতোই বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ মোকাবিলার জন্য এই প্রযুক্তিক শৈবাল বৃক্ষ ভবিষ্যতের জন্য বড় সম্পদ হতে চলেছে।
বায়ু দূষণ রোধ করবে এই শৈবাল বৃক্ষ
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে বিজ্ঞানীরা যে শৈবাল বৃক্ষটি তৈরি করেছেন তা দ্রুত বাড়তে থাকা বায়ু দূষণকে আটকাবে। বলে রাখি, যে শৈবাল বৃক্ষটি আবিষ্কার করা হয়েছে সেটি আদতে গাছ নয় বরং প্রযুক্তি সমৃদ্ধ এক অনন্য যন্ত্র। যা দেখতে জল এবং অনু শৈবাল মিশ্রিত একটি ট্যাঙ্কের মতোই। বিজ্ঞানীরা বলছেন, এই অনন্য যন্ত্রটি চলে মূলত সৌর শক্তির দৌলতে।
রিপোর্ট অনুযায়ী, এই তরল শৈবাল বৃক্ষটি সূর্যালোককে ব্যবহার করে বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে চারিদিকে বিশুদ্ধ অক্সিজেন ছড়িয়ে দেয়। জানা যাচ্ছে, এই শৈবাল বৃক্ষ এক বছরে প্রায় দেড় টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এটি একসাথে 25টি গাছের সমান। মূলত সে কারণেই এটিকে শহরের যুগান্তকারী আবিষ্কার বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
অবশ্যই পড়ুন: রেশনে কার্ডে আর আটা নয়, মিলবে উচ্চমানের গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর
কীভাবে বাতাস বিশুদ্ধ করে এই শৈবাল বৃক্ষ?
বিজ্ঞানীদের দাবি, নতুন প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই শৈবাল বৃক্ষটি ফটো-বায়োরিঅ্যাক্টর প্রযুক্তির মাধ্যমে কাজ করে। এই যন্ত্রটির অনুশৈবাল সূর্যালোককে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে পরিণত করে। এটি বাতাস থেকে ধূলিকণা এবং দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে। বলে রাখি, এই অ্যালজি ট্রি-তে সোলার প্যানেল বসানো রয়েছে, যার ফলে এটি সূর্যালোককে শোষণ করে বিশেষ প্রক্রিয়ায় বাতাস থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ছড়ায়। যদিও বিশেষজ্ঞরা বলছেন, শৈবাল বৃক্ষ গাছের বিকল্প নয়। প্রাকৃতিক গাছ মাটি, ছায়া এবং জীব বৈচিত্রের জন্য অপরিহার্য। তবে, এই বিশেষ প্রযুক্তিক শৈবাল বৃক্ষ বিভিন্ন জনবহুল এলাকায় যেখানে দূষণের মাত্রা বেশি, সেইসব জায়গায় এটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে।










