প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এ রাজ্যের পালাবদল হতেই খাদ্য ও সরবরাহ দফতরে এল বড় পরিবর্তন। এখন থেকে রেশনে (Ration) আর দেওয়া হবে না আটা, তার বদলে দেওয়া হবে উন্নত মানের গম, বড় ঘোষণা নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার (Ashok Kirtania)। শুধু তাই নয় পূর্বতন সরকারের দুর্নীতি (Ration Corruption) নিয়েও বেশ সরব তিনি। জানা গিয়েছে, খাদ্য দফতরে যে আর্থিক দুর্নীতির পাহাড়প্রমাণ অভিযোগ উঠেছিল, সেই ফাইলও ফের খুলতে চলেছেন অশোক।
রেশনে দেওয়া হবে না আটা!
নব নির্বাচিত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, রেশন দোকান থেকে এখন থেকে আর আটা সরবরাহ করা হবে না। তার পরিবর্তে রেশন গ্রাহকদের দেওয়া হবে উন্নত মানের গম। এখন আপাতত সরকারি গুদামে যেটুকু আটা মজুত আছে, সেটুকুই বিলি করা হবে। এরপর নতুন করে আর কোনও আটা দেওয়া হবে না। সাধারণ মানুষের পাত থেকে নিম্নমানের খাদ্যসামগ্রী সরিয়ে উন্নত মানের গম ও চাল নিশ্চিত করাই এখন তাঁর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
রেশন দুর্নীতি নিয়ে সরব অশোক
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে খাদ্য ও সমবায় দফতরের দায়িত্ব পাওয়ার পর থেকেই অশোক কীর্তনিয়া দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। সাত দিন সময় চেয়ে মন্ত্রী জানিয়ে দিলেন, যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা হবে। তাঁর হাতে থাকা খাদ্য এবং সমবায় দপ্তরে কোনও পরিস্থিতিতেই তিনি দুর্নীতি হতে দেবেন না। উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছিল রাজ্যের খাদ্য দপ্তর। জেলে গিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। এ বার সেই দুর্নীতির শিকড় উপড়ে ফেলার প্রতিশ্রুতি দিলেন অশোক।
কী জানালেন খাদ্যমন্ত্রী?
গতকাল, খাদ্য দপ্তর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, ‘আমার উপর বিশ্বাস আছে বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে সেই দপ্তরই দিয়েছেন, যে দপ্তরে প্রচুর দুর্নীতি হয়েছে। জীবনে কোনও দিন গায়ে কাদা লাগাতে দিইনি। রেশনে কোনও দুর্নীতি করতে দেব না। মে মাসটা হয়তো একটু সমস্যা হবে কিন্তু জুন মাস থেকে উৎকৃষ্ট মানের খাদ্যদ্রব্য পাবেন। তবে যাঁরা ভারতের নাগরিক নন, তাঁরা সরকারি সুযোগ সুবিধা পাবেন না। না খাউঙ্গা, না খানে দুঙ্গা।’
আরও পড়ুন: ১ জুনের আগে এই কাজ না করলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা
দুর্নীতির পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার রুখতেও বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, যদি কোনও রেশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তবে সরাসরি সেই দোকানের লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, রেশন বণ্টনের ক্ষেত্রে পরিচয়পত্র যাচাইয়ের ওপর বিশেষ জোর দেওয়া হবে। আশা করা যাচ্ছে এই ‘জিরো টলারেন্স’ নীতি রেশন দপ্তরে এক আমূল পরিবর্তন ঘটাবে।










