সর্বোচ্চ গতি ১৪০ কিমি, প্রকাশ্যে এল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের ফার্স্ট লুক

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের (India’s First Hydrogen Train) ফার্স্ট লুক। আগেই জানা গিয়েছিল, ভারতের প্রথম হাইড্রোজেন ইঞ্জিন চালিত ট্রেনটি হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে ছুটবে। সেই মতোই এবার হাইড্রোজেন ট্রেনটির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। এর আগে জানুয়ারি মাসে হয়ে গিয়েছিল ট্রেনটির ট্রায়াল রান। ভারতীয় রেল সূত্রে খবর, ট্রেনটি এবার নির্দিষ্ট রুটে ছোটার জন্য পুরোপুরি তৈরি।

দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের ফার্স্ট লুক

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবি এবং ভিডিও মারফত জানা গিয়েছে, দেশের প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেনটি নীল রঙের। এছাড়াও ট্রেনটির গায়ে রয়েছে লম্বা সাদা স্ট্রাইপ। ট্রাভেল অ্যান্ড ট্র্যুর ওয়াল্ড এর দাবি, হাইড্রোজেন ট্রেন নিয়ে ভারতীয় রেলের এই বিশেষ পদক্ষেপ ডিজেল চালিত ট্রেন থেকে সরে এসে ভারতের পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব পরিবহণকে নতুন রূপ দেবে। সব ঠিক থাকলে, খুব শীঘ্রই এই ট্রেনটিতে যাত্রী পরিষেবা শুরু হবে।

সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ইতিমধ্যেই হাইড্রোজেন ট্রেনটিকে সাধারণ রেললাইনে ছোটানো হচ্ছে। তবে ট্রেন থেকে বেরোচ্ছে না বিন্দুমাত্র ধোয়া বা কার্বন। বরং এই পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন শুধুমাত্র বাতাসে জলীয় বাষ্প ছাড়ে। এর আগেই, রেলের তরফে জানানো হয়েছিল লখনউয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের দুটি দল জিন্দে লোকোমোটিভ এবং হাইড্রোজেন প্লান্টে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। অবশেষে সেই পরীক্ষা মিটিয়ে ভারতীয় রেলের ট্র্যাকে ছোটার জন্য পুরোপুরি তৈরি হাইড্রোজেন ট্রেন।

রেল সূত্রে খবর, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনে থাকছে মোট 10টি কামরা। ফলে ভারতের এই ট্রেন বিশ্বের দীর্ঘতম হাইড্রোজেন ট্রেন হতে চলেছে। একই সাথে ট্রেনটিতে 2400 কিলোওয়াট শক্তি উৎপাদনকারী হাইড্রোজেন চালিত ইঞ্জিন থাকবে। পাশাপাশি, সর্বোচ্চ মোট আড়াই হাজার যাত্রী নিয়ে ব্রডগেজ লাইনের ছুটবে এটি। রেল সূত্রে খবর, এই হাইড্রোজেন ট্রেনটি 360 কেজি হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে 180 কিলোমিটার পথ পেরোতে পারবে। কাজেই এক কিলোমিটার পথ পেরোতে হলে প্রয়োজন হচ্ছে দুই কেজি জ্বালানির।

অবশ্যই পড়ুন: চুরি হওয়া ৬৫৭টি পৌরাণিক নিদর্শন ভারতকে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা, দাম কত জানেন?

রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনটি যেহেতু হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে দৌড়বে ফলে পরিবেশ দূষণ হওয়ার কোনও সুযোগই থাকছে না। একই সাথে হাইড্রোজেন চালিত এই ট্রেনটি প্রতি ঘন্টায় 110 কিলোমিটার গতিতে ছুটবে। যদিও এই ট্রেনের সর্বোচ্চ গতি 140 কিলোমিটার প্রতি ঘন্টা। বলে রাখা প্রয়োজন, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনটি। যা তৈরি করতে খরচ পড়েছে 80 থেকে 82 কোটি টাকা।