যুদ্ধের মাঝেও ঘুরে দাঁড়াল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

Published:

Foreign Exchange Reserves

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যেও লাফিয়ে বাড়ল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Foreign Exchange Reserves)। টানা কয়েক সপ্তাহ পতনের পর গত ৮ মে শেষ হওয়া সপ্তাহে দেশের মোট বৈদেশিক মুদ্রা তহবিল এক ধাক্কায় ৬.২৯৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৯৬.৯৮ বিলিয়ন মার্কিন ডলারে। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

প্রসঙ্গত, বিশ্ববাজারে অস্থিরতার মধ্যে গত আগের সপ্তাহে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় ৭.৭৯৪ বিলিয়ন ডলার কমে ৬৯০.৬৯৩ বিলিয়ন মার্কিন ডলারে নেমে গিয়েছিল। তবে সদ্য সমাপ্ত সপ্তাহে একধাক্কায় রিকভার করে নিল ভারতের ফরেক্স রিজার্ভ। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাঙ্কের সুপরিকল্পিত পদক্ষেপ আর সোনার মূল্যের উত্থানের কারণেই এই ইতিবাচক সংকেত।

বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিয়ে স্বস্তির খবর

আসলে চলতি বছরে ২৭ ফেব্রুয়ারি ভারতের বৈদেশিক মুদ্রার তহবিল সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ৭২৮.৪৯৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছিল। তবে এর পরপরই পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং সংকট শুরু হওয়ার কারণে বিশ্ব বাজারে ডলারের তুলনায় টাকার দাম কমতে থাকে। এমনকি এখন তা ৯৫ এর গণ্ডি টপকে গিয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং টাকার পতন রুখতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাজার থেকে অনবরত ডলার বিক্রি শুরু করেছে। সেই কারণে টানা কয়েক সপ্তাহ ধরেই বৈদেশিক তহবিলের পরিমাণ কমছিল। কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হতেই সেই ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে।

আরও পড়ুন: বিয়ের সময় মেলে ২৫ হাজার টাকা, বন্ধ হবে রুপশ্রী প্রকল্প? জানিয়ে দিল রাজ্য

রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী—

৮ মে শেষ হওয়া সপ্তাহে ভারতের স্বর্ণ ভাণ্ডারের মূল্য একলাফে ৫.৬৭৯ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ১২০.৮৫৩ বিলিয়ন মার্কিন ডলারের পৌঁছে গিয়েছে। সামগ্রিক তহবিল বাড়ার পেছনে এটিই সবথেকে বড় কারণ।

এছাড়া বৈদেশিক মুদ্রা সম্পদ ৫৬২ মিলিয়ন মার্কিন ডলার বেড়ে ৫৫২.৩৮৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আর এই হিসেবের মধ্যে ডলারের পাশাপাশি ইউরো, পাউন্ড বা ইয়েনের মতো অন্যান্য আন্তর্জাতিক মুদ্রার দামের ওঠানামাও থাকছে।

এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে থাকা এসডিআর এর পরিমাণ ৮৪ মিলিয়ন মার্কিন ডলার বেড়ে ১৮.৮৭৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।