১০০০ ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিচ্ছে জাপান! প্রস্তুতি তুঙ্গে দেশের প্রথম বুলেট ট্রেন নিয়ে

Published:

India's First Bullet Train

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রথম বুলেট ট্রেন (India’s First Bullet Train) নিয়ে কৌতুহলী সকলেই। কবে নাগাদ ভারতের মাটিতে বুলেট ট্রেনের চাকা গড়াবে তা জানতে একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন দেশবাসী। যদিও আগেই জানা গিয়েছে, সব কাজ ঠিকঠাকভাবে হলে 2027 সাল অর্থাৎ আগামী বছরের স্বাধীনতা দিবসের দিন, 15 আগস্ট দেশের প্রথম বুলেট ট্রেন মুম্বই-আহমেদাবাদ করিডোরে ছুটতে পারে। সেই মর্মেই জোর কদমে এগিয়ে চলেছে কাজ। এমতাবস্থায় শোনা যাচ্ছে, জাপান রেলওয়ে টেকনিক্যাল সার্ভিস এবং জাপানি রেলওয়ের কারিগরি বিশেষজ্ঞদের সহযোগিতায় গড়ে উঠেছে একটি প্রশিক্ষণ শিবির। সেখানেই দেশের 1000 ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ নিচ্ছেন বলেই খবর।

ভারতীয় ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিচ্ছে JARTS

দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পটিতে এই মুহূর্তে ভূগর্ভস্থ টানেল খননের কাজ চলছে। আগামীতে ধীরে ধীরে রেল করিডরের ভূগর্ভস্থ অংশ ও প্রচলিত নগরগুলিতেও টানেল বোরিং মেশিন নামিয়ে খুব শীঘ্রই খনন কাজ শুরু হবে। এরই মাঝে মহারাষ্ট্রের হাইস্পিড রেল পরিকাঠামোর উন্নয়নের জন্য জাপান রেলওয়ে টেকনিক্যাল সার্ভিস এবং জাপানের রেলওয়ের কারিগরি বিশেষজ্ঞরা ভারতের ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এক বিশেষ প্রশিক্ষণ মডিউল পরিচালনা করছেন।

রিপোর্ট অনুযায়ী, দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের উন্নতির স্বার্থে ভারতের অন্তত 1000 জন ইঞ্জিনিয়ার ওই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন। দেশের প্রথম বুলেট ট্রেন করিডোর গড়ে তুলে সেখানে ট্রেন পরিষেবা চালু করতে বদ্ধপরিকর রেল। মূলত সে কারণেই জাপানের রেলওয়ে এবং সে দেশের বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে এই বিশেষ প্রকল্প এগিয়ে নিয়ে যেতে চাইছে রেল মন্ত্রক।

অবশ্যই পড়ুন: ব্যাণ্ডেল-আজিমগঞ্জ ও রাণাঘাট-লালগোলা শাখায় EMU স্পেশাল ট্রেন, সময়সূচি দিল পূর্ব রেল

উল্লেখ্য, 2017 সাল নাগাদ শুরু হয়েছিল দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ। অনেকেই আশা করেছিলেন হয়তো 2023 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে এই প্রকল্পের সমস্ত কর্মকাণ্ড। তবে জমি অধিগ্রহণ সহ অন্যান্য একাধিক সমস্যার কারণে বারবার পিছিয়ে গিয়েছে ডেডলাইন। তবে শেষবারের মতো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, সব ঠিক থাকলে 2027 সালের 15 আগস্টের মধ্যে মুম্বই-আহমেদাবাদ রুটে ছুটবে বুলেট ট্রেন।