সহেলি মিত্র, কলকাতাঃ কাশ্মীর (Kashmir) নামটা শুনলেই যেন মন ভালো হয় যায়। চারদিকে তুষারে ঢাকা পাহাড়, পহেলগাম, গুলমার্গের মতো সুন্দর জায়গা দেখলেই যেন আলাদা এক ভালো লাগা কাজ করে। আপনিও কি সম্প্রতি কাশ্মীর ভ্রমণের প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এবার কাশ্মীর ভ্রমণ আগের থেকে এক ধাক্কায় অনেকটাই মহার্ঘ্য হতে চলেছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। ভাড়া বাড়তে চলেছে সবরকম যাত্রীবাহী পরিবহণের। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
কাশ্মীরে গণ পরিবহণের ভাড়া বাড়ল ১৮%
সরকারের তরফে ইতিমধ্যে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ২৯ এপ্রিল জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, জম্মু ও কাশ্মীর সরকার সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চলে বাণিজ্যিক যাত্রীবাহী যানবাহনের ভাড়ায় ১৮% বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এই নতুন ভাড়া কাঠামো বড় ও মিনি বাস, ট্যাক্সি, ম্যাক্সি ক্যাব এবং পর্যটক যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অটো-রিকশা ও স্টেজ ক্যারেজও এর অন্তর্ভুক্ত। এর পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনের জন্য আলাদা ভাড়াও নির্ধারণ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত স্বাভাভিকভাবেই সাধারণ পর্যটকদের ওপর পড়বে।
জানুন নতুন রেট
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকার ২০২১ সালের ১৯শে মার্চ থেকে কার্যকর হওয়া হারের চেয়ে ১৮ শতাংশ ভাড়া বাড়িয়েছে। সে সময় ভাড়া ১৯ শতাংশ বাড়ানো হয়েছিল। গত বছরের ২৩শে ডিসেম্বর জম্মুর সিভিল সেক্রেটারিয়েটে পরিবহনকারী ও সরকারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পরিবহনকারীরা ৪০ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানায়। সেখানে ১৮ শতাংশ ভাড়া বৃদ্ধিতে সম্মতি দেওয়া হয়। যাইহোক, আগামী দিন থেকে ই-রিকশার ভাড়া ১৫ টাকা প্রতি কিলোমিটার, ই অটোর ভাড়া ২৫ টাকা প্রথম কিলোমিটার রাস্তা এবং পরবর্তী কিমি রাস্তায় যাত্রার ক্ষেত্রে এবার থেকে পর্যটকদের ২০ টাকা করে গুনতে হবে।
আরও পড়ুনঃ হাওড়া ডিভিশনে ফের মেগা ব্লক, মে মাসে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন
দাবি করা হচ্ছে যে, এই নতুন আদেশের ফলে এখন থেকে ই-রিকশা ও ই-অটো চালকদের যথেচ্ছ ভাড়া আদায় বন্ধ হবে। অটো চালকদের মিটার অনুযায়ী ভাড়া নেওয়ার বিধান থাকা সত্ত্বেও, তারা তা নাকি মেনে চলেন না বলে অভিযোগ। তাই নতুন রেট বেঁধে দেওয়া হয়েছে সরকারের তরফে। শীঘ্রই শুরু হবে অমরনাথ যাত্রা। সেখানে এই বাড়তি ভাড়া গুনতে গিয়ে অনেককে বিপাকের মধ্যে পড়তে হবে বলে আশঙ্কা।










