পাটনার ঘটনায় পলাতক খান স্যার, চারিদিকে চলছে তল্লাশি

Published:

Khan Sir

সৌভিক মুখার্জী, কলকাতা: পাটনার (Patna) দুই কোচিং সেন্টারকে ঘিরে সংঘর্ষ, গুলিচালনা আর মারধরের ঘটনায় ক্রমশ বাড়ছে উত্তেজনা। ঘটনায় জনপ্রিয় শিক্ষক খান স্যারকে (Khan Sir) ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পুলিশ সূত্রে খবর, মামলার পর থেকেই তিনি নাকি প্রকাশ্যে আসেননি, এবং বর্তমানে তাঁর খোঁজে বিশেষ তদন্তকারী দল এসআইটি তল্লাশি চালাচ্ছে। একাধিক সূত্রের দাবি, খান স্যার আত্মগোপন করে থাকতে পারেন। তাঁর সম্ভাব্য অবস্থান জানার জন্য পাটনা এবং আশেপাশের অঞ্চলগুলিতে চলছে চিরুনি তল্লাশি।

প্রকাশ্যে আসছেন না খান স্যার

আসলে গত ৪ জুন এই ঘটনা নিয়ে এফআইআর দায়ের করা হয়। হত্যার চেষ্টার ধারা, অস্ত্র আইন সহ একাধিক ধারায় অভিযোগ জানানো হয়েছে। এমনকি মামলাটি পাটনার কদমকুঁয়া থানায় নথিভুক্ত হয়। পুলিশ সূত্রে আরও খবর, এফআইআর দায়ের হওয়ার দিন খান স্যার নাকি চুপিসারে নিজের কোচিং সেন্টার থেকে বেরিয়ে গিয়েছিলেন। তারপর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি। আত্মগোপন করে রয়েছেন।

জানিয়ে দিই, খান স্যারের আসল নাম ফয়সল খান। তাঁর পক্ষ থেকে পাটনার সিভিল কোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। আজ মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে। এদিক এই শুনানির দিকেই নজর রয়েছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে আইনজীবী মহলেরও। অন্যদিকে এই মামলায় জ্ঞানবিন্দু কোচিং এর ডিরেক্টর রোশন আনন্দের গ্রেফতারের পর সোমবার তাঁর নিয়মিত জামিনের আবেদন নিয়ে আদালতে শুনানি হয়েছিল। দুই পক্ষের সাওয়াল জবাব শেষ হওয়ার পর আদালত আপাতত রায় সংরক্ষিত রাখে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে খবর। এমনকি হামলা এবং নিরাপত্তারক্ষীকে মারধরের ঘটনায় গত ৩ জুন রোশন আনন্দকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন: মিলবে না টিম ইন্ডিয়ায় সুযোগ! এদের জন্য সমস্যার কারণ হতে পারেন মানব সুথার

কিন্তু এই ঘটনার পর থেকেই পাটনার শিক্ষামহলে চলছে তীব্র চর্চা। রোশন আনন্দের কোচিং প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের একাংশের দাবি, যদি রোশন আনন্দকে গ্রেফতার করা হয়, তাহলে খান স্যারকে একইভাবে আইনের মুখোমুখি করা উচিত। তাঁদের বক্তব্য, রোশন আনন্দ সরাসরি কোনও ভিডিও কিংবা ঘটনায় দৃশ্যমান না থাকলেও তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাই এই ঘটনায় খান স্যারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।