অনন্যা সরকার, মহারাষ্ট্র: রাজ্যের মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য মহারাষ্ট্র সরকারের ‘লেক লড়কি’ (Lek Ladki) প্রকল্পটি বেশ জনপ্রিয়। এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের শিক্ষার পাশাপাশি তাদের সার্বিক বিকাশের জন্য বিভিন্নভাবে সহায়তা করা হয়। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই প্রকল্পে এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে সরকার। এই পরিবর্তনের পিছনে মূল উদ্দেশ্য হল এই স্কিমে আবেদনের প্রক্রিয়াকে আরও সহজ ও মসৃণ করা। সামগ্রিকভাবে এই পরিবর্তনগুলির কারণে এখন এই প্রকল্পের সুবিধা পাওয়া আরও সহজ হয়ে উঠেছে।
কী এই ‘লেক লড়কি’ প্রকল্প?
মহারাষ্ট্র সরকার ‘লেক লড়কি’ প্রকল্পটি মূলত রাজ্যের মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য চালু করে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মেয়েদের পর্যায়ক্রমে ১,০১,০০০ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই সহায়তা মোট ৫টি পর্যায়ে পৌঁছায় কন্যাদের কাছে। প্রথম পর্যায়ে, কন্যাসন্তানের জন্মের পরই সরকার তাঁর বাবা-মাকে ৫,০০০ টাকা দেবে। মেয়েটি প্রথম শ্রেণিতে ভর্তি হলে সরকারের থেকে ৬,০০০ টাকা নগদ পাওয়া যাবে। আর ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হলে সরকার মেয়েটিকে ৭,০০০ টাকা প্রদান করবে। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পর পাওয়া যাবে মোট ৮,০০০ টাকা এবং ১৮ বছর বয়স পূর্ণ হলে ওই মেয়েটির অ্যাকাউন্টে সরকার ৭৫,০০০ টাকা জমা করবে। অর্থাৎ সব মিলিয়ে মেয়েটির সার্বিক বিকাশের জন্য মহারাষ্ট্র সরকার ৫ ধাপে মোট ১,০১,০০০ টাকা আর্থিক সহায়তা দেবে।
প্রকল্পটি চালু হওয়ার পর থেকে মহারাষ্ট্রের বহু বাসিন্দা কন্যাসন্তানের জন্ম হওয়ার পর তাদের সার্বিক বিকাশের জন্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছেন। আগেই উল্লেখ করা হয়েছে, এই স্কিমে ৫টি পর্যায়ে টাকা দেওয়া হয় এবং সম্প্রতি প্রকল্পে আনা পরিবর্তনগুলি এই ৫ পর্যায়ের সাথে সম্পর্কযুক্ত। এর আগে, সহায়তার অর্থ পেতে প্রতিটি পর্যায়ের জন্য আবেদন ও ফর্ম ফিলআপ করতে হতো। কিন্তু এখন থেকে প্রতিটি পর্যায়ে আবেদন করার এবং বড় ফর্ম ফিলআপ করার আর প্রয়োজন হবে না।
লেক লড়কি প্রকল্পে নতুন আপডেট
এখন থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনেই করা যাবে। নতুন ব্যবস্থায় আধার কার্ডের মাধ্যমে কন্যাসন্তান ও তার পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়াও, মহারাষ্ট্র সরকার বাবা-মা এবং কন্যাসন্তানের জন্য ই-কেওয়াইসি (e-KYC) করা বাধ্যতামূলক করেছে। এই নতুন এবং সহজ পদ্ধতির ফলে, সরকারি সাহায্যের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।
আরও পড়ুন: এবার শিয়ালদা থেকে ভারতের শেষ সীমান্ত অবধি চলবে বন্দে ভারত? প্রস্তুতি রেলের
প্রসঙ্গত জানিয়ে রাখি, ‘লেক লড়কি’ প্রকল্পটি ২০২৩ সালের ১ এপ্রিল পরে জন্মগ্রহণকারী মেয়েদের জন্য প্রযোজ্য। যদি কোনো অভিভাবক এই তারিখের পরে জন্মানো তাঁদের কন্যাকে ‘লেক লড়কি’ প্রকল্পের জন্য নিবন্ধন না করে থাকেন, তবে তাঁদের ১৫ আগস্ট, ২০২৭ পর্যন্ত আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে। যেসমস্ত মহারাষ্ট্রের বাসিন্দাদের কন্যাসন্তান ২০২৩ সালের ১ এপ্রিলের পর জন্মগ্রহণ করেছে এবং তাদের যদি একটি হলুদ বা কমলা রেশন কার্ড থাকে, তাহলে তারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার মধ্যে থাকে, তবেই এই সুবিধা পাওয়া যায়।










