সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি প্রতিনিয়ত গাড়ি নিয়ে জাতীয় সড়কে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। জাতীয় মহাসড়ক বা এক্সপ্রেসগুলিতে টোল প্লাজা (Toll Plaza) স্থাপনের জন্য নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে কেন্দ্র সরকার। আর সেই অনুযায়ী কোনও নতুন মহাসড়কের ৬০ কিলোমিটারের মধ্যে টোল প্লাজা নির্মাণ করা যাবে না। এমনকি নিয়ম কার্যকর করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের তরফ থেকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
টোল ব্যবস্থায় নতুন নিয়ম
কেন্দ্রীয় সরকার এবার যে এসওপি জারি করেছে সেই অনুযায়ী স্পষ্ট জানানো হয়েছে, কোনও নতুন জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়েতে ৬০ কিলোমিটারের কম দূরত্বে নতুন টোল প্লাজা নির্মাণ করার অনুমতি দেওয়া হবে না। যে কোনও নতুন জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়েতে দুটি টোল প্লাজার মধ্যে দূরত্ব কমপক্ষে ৬০ কিলোমিটার হতে হবে। আর যদি কোনও বিশেষ পরিস্থিতিতে ৬০ কিলোমিটারের আগে টোল প্লাজা নির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট সংস্থাকে উচ্চপর্যায়ের কমিটির কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে।
পাশাপাশি শহর অঞ্চলের সীমার মধ্যে বা পৌরসভা এলাকায় ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে টোল প্লাজা নির্মাণের উপরেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নতুন এসওপিতে। এমনকি এ বিষয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে, যে কমিটি নিশ্চিত করবে চালকদের যেন বারবার টোলের বোঝা বহন না করতে হয়। এমনকি বর্তমানে দেশে প্রায় ১৩০টির বেশি এরকম জায়গা রয়েছে যেখানে ৬০ কিলোমিটারের মধ্যেই দুটি টোল প্লাজা অবস্থিত। কিন্তু নতুন নিয়মে, নতুনভাবে আর এরকম কোনও টোল প্লাজা বানানো যাবে না।
আরও পড়ুন: চিনে ‘কৃষ্ণাঙ্গ’ শিশু পুতুলের উপর নির্যাতন! কেন ট্রেন্ডে ‘নাতাশা ডল’? জানলে চমকাবেন
প্রসঙ্গত, রাজধানী দিল্লিতে মোট ১৫৬টি টোল প্লাজা রয়েছে। তবে সেগুলির প্রত্যেকটি বাধামুক্ত এবং অবাধ চলাচল ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু নতুন এই ৬০ কিলোমিটারের নিয়ম চালু হলে যে চালকদের বারবার টোল দেওয়ার ঝামেলা পোহাতে হবে না তা বলার অপেক্ষা রাখে না। এমনকি এই নিয়মের ফলে রাস্তাঘাটে যানজট অনেকটাই কমবে বলেই মত বিশেষজ্ঞদের।










