সহেলি মিত্র, কলকাতাঃ বুলেট ট্রেন (Bullet Train) নিয়ে ভারতবাসীর উৎসাহ তুঙ্গে। মুম্বাই-আহমেদাবাদ রুটে কবে দেশের প্রথম বুলেট ট্রেন চলবে, সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। ইতিমধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই নিয়ে বড় ঘোষণা করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে কিছু অংশে পরিষেবা শুরু হয়ে যাবে। অর্থাৎ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বলাই চলে। তবে এবার আরও একটি বড় আপডেট সামনে উঠে এল। এবার কাশ্মীরের রেল মানচিত্রে নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবার কাশ্মীর উপত্যকাতেও চলবে বুলেট ট্রেন। কয়েক ঘণ্টার দূরত্ব এবার অতিক্রম করা যাবে মাত্র কয়েক মিনিটেই। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
এবার কাশ্মীরেও চলবে বুলেট ট্রেন!
রিপোর্ট অনুযায়ী, ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) শীঘ্রই অমৃতসর থেকে জম্মু পর্যন্ত প্রস্তাবিত ২৪০ কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেন করিডোরের জন্য চূড়ান্ত সমীক্ষা শুরু করবে। এই প্রকল্পটিকে দিল্লি-অমৃতসর বুলেট ট্রেন করিডোরের একটি সম্প্রসারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা জম্মু ও কাশ্মীরের সংযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং অমৃতসর ও জম্মুর মধ্যে একটি দ্রুতগতির রেল করিডোর, অর্থাৎ বুলেট ট্রেন তৈরির পরিকল্পনা নিশ্চিত করেছেন, যা ২৪০ কিলোমিটার দূরত্ব মাত্র দুই ঘণ্টায় অতিক্রম করবে।
ইতিমধ্যে কাশ্মীরে ‘বন্দে ভারত’ প্রকল্পের পথ অনুসরণ করে রেল মন্ত্রক এখন অমৃতসর ও জম্মুর মধ্যে একটি দ্রুতগতির রেল করিডোরের কাজ শুরু করেছে, যার লক্ষ্য যাত্রার সময় ৪-৫ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র ২ ঘণ্টায় নিয়ে আসা। এটি সম্পন্ন হলে, অমৃতসর-জম্মু যাত্রা, যা বর্তমানে ৪-৫ ঘণ্টা সময় নেয়, তা কমে প্রায় ২ ঘণ্টায় দাঁড়াবে। এর ফলে যাত্রীরা আরও দ্রুত, নিরাপদ এবং আধুনিক ভ্রমণের সুবিধা পাবেন।
কী কী সুবিধা থাকবে?
করিডোরটির সার্ভে ও মানচিত্র তৈরির জন্য অত্যাধুনিক লাইডার প্রযুক্তি, ড্রোন সার্ভে এবং আকাশ থেকে করা মানচিত্র ব্যবহার করা হবে। এই প্রকল্পের অধীনে, ট্র্যাকটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত গতির জন্য ডিজাইন করা হবে, যেখানে বুলেট ট্রেনের পরিচালন গতি ঘণ্টায় ২৫০ থেকে ৩২০ কিলোমিটারের মধ্যে থাকবে। আশা করা হচ্ছে, এই উচ্চ-গতির রেল প্রকল্পটি জম্মু ও কাশ্মীরের পর্যটন, ব্যবসা এবং ধর্মীয় যাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সুবিধা দেবে।
আরও পড়ুনঃ শিয়ালদা-লালগোলা রুটের ট্রেনে যুক্ত হচ্ছে বাথরুম, বড় উপহার রেলের
কবে চলবে দেশের প্রথম বুলেট ট্রেন?
দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প, মুম্বাই-আহমেদাবাদ করিডোরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের আগস্ট মাসের মধ্যে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। অন্তত তেমনটাই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।










