সমুদ্র মন্থনে সফল ভারত, ওড়িশা উপকূলে প্রাকৃতিক গ্যাসের ভান্ডার পেল ONGC

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সমুদ্র মন্থনে সফল ভারত (India Natural Gas)! অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এবার ওড়িশা উপকূলের কোনার্ক থেকে মাত্র 43 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে মহানদী অববাহিকায় বিপুল প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে (ONGC Gas Discover)। জানা গিয়েছে, দীর্ঘ খনন কাজ চালিয়ে 1450 মিটারেরও কম গভীরতায় মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান। বিশেষজ্ঞরা বলছেন, ওই প্রাকৃতিক গ্যাসের সহজ অবস্থানের কারণে দ্রুত খননকার্য চালিয়ে ওই গ্যাস উত্তোলন করে তা সরবরাহ করা যাবে।

সমুদ্র মন্থন প্রকল্পের অধীনে মিলল গ্যাস

রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ONGC এর সমুদ্র মন্থন প্রকল্পের অধীনে ওড়িশা উপকূলের কাছে গভীর সমুদ্রে ওই প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। ONGC জানিয়েছে, গত 18 সেপ্টেম্বর, ওড়িশার কোনার্ক উপকূলের অনতিদূরে মহানদী অফশোর বেসিনে MN-DW18-1-H-D নামের একটি গভীর সমুদ্রের কূপে দীর্ঘক্ষণ খনন কাজ করার পর ওই প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় রাষ্ট্রীয় তেল সংস্থা।

বলাই বাহুল্য, ওড়িশা উপকূলে গভীর সমুদ্রের এই বেসিনে রাষ্ট্রীয় তেল এবং গ্যাস সংস্থার এটাই প্রথম অনুসন্ধানমূলক কূপ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, 1632 মিটার গভীরে খনন করা হলেও 1441 থেকে 1442 মিটার গভীরতায় পাওয়া গিয়েছে প্রাকৃতিক গ্যাস। এই মুহূর্তে সমুদ্রের গভীরে ওই প্রাকৃতিক গ্যাসের প্রবাহ এবং ভূগর্ভস্থ চাপের যে পরিস্থিতি তাতে এই অনুসন্ধান নিয়ে আশার আলো দেখছে রাষ্ট্রীয় তেল সংস্থাটি।

আরও পড়ুন: খেলেন এক ময়দান প্রধান সহ অভিষেকের দল DHFC-তে, দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় ফুটবলারের

প্রসঙ্গত, ভারত যেহেতু জ্বালানি অর্থাৎ প্রাকৃতিক গ্যাস এবং তেল আমদানি নির্ভর দেশ, ফলে ওড়িশা উপকূলে গভীর সমুদ্রে বিপুল প্রাকৃতিক গ্যাসের আবিষ্কার ভবিষ্যতে দেশীয় উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে নতুন করে আশা জাগিয়েছে। তবে ওই গ্যাস এখনই বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব কিনা তা নিয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে রাষ্ট্রীয় তেল এবং গ্যাস সংস্থা। তবে আপাতত এই আবিষ্কারকে ভারতের জ্বালানি অনুসন্ধানের ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবেই দেখছেন বিশেষজ্ঞ মহল।