৪ ঘন্টা ৪১ মিনিটে পৌঁছে যাবেন দিল্লি, বুলেট ট্রেন নিয়ে বড় খবর

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছরের বাজেটে দেশের সাতটি সাতটি রুটে হাই স্পিড রেল করিডোর (Bullet Train) তৈরির প্রস্তাব রেখেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সেই মতোই প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর রেল। একে একে শুরু হয়েছে বিভিন্ন বুলেট ট্রেন করিডরের কাজ। আগেই সামনে এসেছে শিলিগুড়ি- বারাণসী, দিল্লি-বারাণসীর মতো বুলেট ট্রেন প্রকল্পগুলির তথ্য। এবার সামনে এল বিহারের পাটনা থেকে দিল্লি পর্যন্ত বুলেট ট্রেনের বেশকিছু গুরুত্বপূর্ণ খবর। শোনা যাচ্ছে, বিহারের এই হাইস্পিড রেল করিডোরে একবার বুলেট ট্রেন পরিষেবা চালু হয়ে গেলে মাত্র 4 ঘন্টা 41 মিনিটেই রাজধানীতে পৌঁছে যাবেন বিহারের যাত্রীরা।

এক ঘুমেই পৌঁছে যাবেন দিল্লি

চার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত হাইস্পিড রেল করিডোরের বড় অংশ এই বিহার-দিল্লি হাইস্পিড রেল করিডোরটির হাত ধরে পাটনা থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র 50 মিনিটে পৌঁছে যাওয়া যাবে বারাণসী। একইভাবে পাটনা থেকে এই বুলেট ট্রেনে চেপে শিলিগুড়িতে আসতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা 5 মিনিট। যেখানে পাটনা থেকে দিল্লি পর্যন্ত 1000 কিলোমিটার পথ অতিক্রম করতে এই বুলেট ট্রেনের সময় লাগবে মাত্র 4 ঘন্টা 41 মিনিট।

বলাই বাহুল্য, আর পাঁচটা সাধারণ এক্সপ্রেস ট্রেনে চেপে বিহারের পাটনা থেকে দিল্লি পর্যন্ত যেতে সাধারণত সময় লাগে 13 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। তবে বিহারের এই রুটে বুলেট ট্রেন একবার চালু হয়ে গেলে একপ্রকার চোখের নিমেষে ট্রেনে চেপে পাটনা থেকে পৌঁছে যাবেন দিল্লি। জানা যাচ্ছে, ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এবং রেল মন্ত্রকের তত্ত্বাবধানে বিহারে অন্তত 400 কিলোমিটার অংশে হাই স্পিড রেল ট্র্যাক বসানো হবে। এর ফলে বিহারের সাথে উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লির যোগাযোগ মসৃণ হবে সে কথা বলাই যায়।

অবশ্যই পড়ুন: কাটোয়া সহ একাধিক স্টেশনে বসছে লিফ্ট-এস্কেলেটর, হাওড়া ডিভিশনের জন্য বড় ঘোষণা রেলের

প্রসঙ্গত, বিহারের পাটনা থেকে দিল্লি পর্যন্ত হাই স্পিড রেল করিডোরে প্রতি 100 থেকে 150 কিলোমিটার অন্তর অন্তর তৈরি হবে একটি করে স্টেশন। আপাতত যা খবর, বিহারে প্রাথমিকভাবে পাটনা, বক্সার এবং কাটিহারের মতো স্টেশনগুলি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার মনে করে, অনেক ক্ষেত্রে এই বুলেট ট্রেন করিডোর যাত্রীদের বিমান ভ্রমণের কার্যকর বিকল্প হতে পারে।