রোজগার মেলায় ৫১ হাজার যুবক, যুবতীকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মোদী

Published:

Rozgar Mela

সহেলি মিত্র, কলকাতাঃ লটারি লাগল দেশের ৫১ হাজার যুবকের। সকলের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। আজ শনিবার ১৯তম কর্মসংস্থান বা রোজগার মেলায় (Rozgar Mela) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫১,০০০-এরও বেশি তরুণ-তরুণীকে নিয়োগপত্র প্রদান করেছেন।

চাকরি পেলেন ৫১,০০০ যুবক যুবতী

জানা গিয়েছে, দেশজুড়ে ৪৭টি স্থানে একযোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রার্থীরা রেলওয়ে, স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রকে নিয়োগ পেয়েছেন। আর এরইসঙ্গে সকলে সরকারি চাকরিতে তাঁদের নতুন কর্মজীবন শুরু করবেন। অর্থাৎ এই কঠিন সময়ে দেশের এই ৫১ হাজার যুবক যুবতীর ভাগ্য বদলে দিল সরকার।

প্রধানমন্ত্রী বলেন যে, তিনি মাত্র দুদিন আগে পাঁচটি দেশ সফর সেরে ফিরেছেন। এই সফরে তিনি বেশ কয়েকটি বড় কোম্পানির নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি অনুভব করেন যে, ভারতের প্রভাব এবং প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে সমগ্র বিশ্বই উচ্ছ্বসিত। আজ বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়। ভারতীয় যুবকদের সুযোগ, কর্মসংস্থান এবং সম্ভাবনার বিকাশের লক্ষ্যে ভারতও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব করছে। তিনি এও নিশ্চিত করতে চান যে, তাঁর দেশের যুবকরাও যেন বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।

আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারত যোজনার আওতায় স্বাস্থ্য সাথীর ৬ কোটি মানুষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে লাভ?

প্রধানমন্ত্রীর এই সফরকালে নেদারল্যান্ডসের সঙ্গে সেমিকন্ডাক্টর, জল, কৃষি এবং উন্নত উৎপাদন শিল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আলোচনা অনুষ্ঠিত হয়। সুইডেনের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল উদ্ভাবনে সহযোগিতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। নরওয়ের সাথে সবুজ প্রযুক্তি এবং সামুদ্রিক সহযোগিতা এগিয়ে নিতে চুক্তি স্বাক্ষরিত হয়, এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে কৌশলগত জ্বালানি ও প্রযুক্তি অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থাৎ প্রতিবারের মতো এবারেও প্রধানমন্ত্রীর বিদেশ সফর কিছুটা হলেও লাভের হয়েছে বলে মনে করছে বিশিষ্ট মহল। প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রগুলিতে ইতালির সঙ্গে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সমস্ত চুক্তি ভারতের যুবসমাজকে উপকৃত করবে। এই সমস্ত ক্ষেত্র ভারতের জন্য একটি উজ্জ্বল, সক্ষম এবং শক্তিশালী ভবিষ্যৎ নিশ্চিত করে।