প্রীতি পোদ্দার, কলকাতা: বড় ঘোষণা! রাজ্যের যে ৬ কোটি মানুষ পূর্বতন মমতা সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের (Swasthya Sathi Card) সুবিধা পেতেন, তাঁদের এ বার কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের (Ayushman Bharat Scheme) আওতাভুক্ত করা হচ্ছে। আজ, নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এমনই নজিরবিহীন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে আলাদা রুটম্যাপ করতে চলেছে রাজ্য সরকার।
সরাসরি মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা
রাজ্য সরকার বদলের পরই প্রশাসনিক নানা কর্মকাণ্ড নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে গেরুয়া শিবির। আর এবার টার্গেট করা হয়েছে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রকে। কিছুদিন আগেই সরকার থেকে জানানো হয়েছিল যে খুব শীঘ্রই আয়ুষ্মান প্রকল্পের সুবিধা মিলতে চলেছে। কিন্তু জনতার মনে আশঙ্কা ছিল, স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তারা আদৌ কেন্দ্রের এই প্রকল্পটির সুবিধা পাবেন কিনা। এবার সেই আশঙ্কা উড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে যাঁরা বিগত সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়ে আসছেন, তাঁরা এখন থেকে সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন।
কবে থেকে শুরু হবে আবেদন?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন করা যাবে। আপাতত এই প্রকল্পের জন্য ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করা হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে বাংলার ৬ কোটি মানুষ প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, অর্থাৎ এরা সকলেই এবার কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন। শুভেন্দু অধিকারী জানান, “জুনের প্রথম সপ্তাহে আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরির প্রকল্পের চুক্তি হবে দিল্লিতে, কেন্দ্রের সব স্তরের আধিকারিকরা থাকবেন সেখানে। শুধু বাংলায় নয়, কাজ বা শিক্ষার কারণে গোটা ভারতে যেসব পশ্চিমবঙ্গবাসী বিভিন্ন রাজ্যে রয়েছেন, তাঁরা সকলে বিনামূল্যে চিকিৎসাকেন্দ্রগুলি থেকে পরিষেবার সুবিধা পাবে।”
আরও পড়ুন: বরানগর-ব্যারাকপুর মেট্রো নিয়ে বড় আপডেট, পিঙ্ক লাইনের কাজে অগ্রগতি
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে চারশোর বেশি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুরারোগ্য অসুখের ওষুধে ৮০ শতাংশ ছাড় থাকবে। এমন ৪৬৯টি কেন্দ্র তৈরি হলে ১০ গুণ সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও শুভেন্দু বলেন, ‘‘স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যুগান্তকারী অধ্যায়ের সূচনা হচ্ছে। এর সুফল কিছু দিনের মধ্যেই পেতে শুরু করবেন। চারটি প্রশাসনিক জেলা- আলিপুরদুয়ার, কালিম্পং, আসানসোল এবং দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ হয়নি। সে জন্য প্রয়োজনীয় জমি ইত্যাদির প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রকে। উত্তরবঙ্গে এমস তৈরির জন্য পদক্ষেপ করা হবে। উন্নত থেকে উন্নততর করা হবে গোটা স্বাস্থ্য ব্যবস্থা।’’










