শুনানি চলাকালীন একাধিকবার চলল পর্নোগ্রাফি! লজ্জাজনক ঘটনা দিল্লি হাইকোর্টে

Published:

Delhi High Court

সৌভিক মুখার্জী, কলকাতা: বিচার বিভাগের ইতিহাসে এবার এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। মঙ্গলবার প্রধান বিচারপতি ডি.কে. উপাধ্যায়ের একটি মামলার শুনানি চলাকালীন হঠাৎ করে ভার্চুয়াল লিঙ্কে অশ্লীল ভিডিও বা পর্নোগ্রাফি চলতে শুরু করে। এমনকি একবার নয়, বরং একাধিকবার সেই আপত্তিকর ভিডিওটি ভেসে ওঠে। যাতে আদালত কক্ষের পরিবেশ মুহূর্তের মধ্যেই থমথমে হয়ে যায়।

কীভাবে ঘটল এই ঘটনা?

আদালত সূত্রে খবর, মামলার শুনানি যখন গুরুত্বপূর্ণ মোড়ে, ঠিক তখনই শ্রীধর সারনোবাত এবং শীতজিৎ সিং নামে দুই ইউজারের প্রোফাইল থেকে এই অশ্লীল ভিডিও প্লে করা হয়। আচমকা ওই ঘটনায় এজলাসে উপস্থিত সকল আইনজীবী এবং বিচারপতি বিব্রত বোধ করেন। এমনকি বিশৃঙ্খলা এড়াতে আদালত কর্তৃপক্ষ ভিডিও কনফারেন্সিং লিঙ্কটি বিচ্ছিন্ন করে দেয়। যার ফলে বেশ কিছুক্ষণের জন্য আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।

তবে ঘটনাটি নিছকই কোনও কারিগরি ত্রুটি কিংবা পরিকল্পিত নাশকতা তা খতিয়ে দেখতে কড়া পদক্ষেপ নিচ্ছে হাইকোর্ট প্রশাসন। অভিযোগ, আদালতের প্রশাসনিক শাখা থেকে ইতিমধ্যেই দিল্লি পুলিশের স্পেশাল সেলের সাইবার ইউনিট বা আইএফএসও-এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর কোন আইপি অ্যাড্রেস থেকে এই ভিডিওগুলি চালানো হয়েছিল এবং অভিযুক্ত দুই ইউজারের আসল পরিচয় কী তাও জানার চেষ্টা চলছে। পাশাপাশি এটি কোনও হ্যাকিং এর ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: সিংঘমের ‘AI ভিডিও’ শেয়ার করে চাপে মহুয়া মৈত্র! তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের FIR

তবে এই ঘটনা ভার্চুয়াল আদালতের নিরাপত্তা ব্যবস্থা এবং ডিজিটাল প্রটোকল নিয়ে যে বড়সড় প্রশ্ন দাঁড় করাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। করোনা পরবর্তী সময়ে দেশের আদালতগুলিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেই শুনানির হার বেড়েছে। তবে প্রকাশ্য এজলাসে এরকম কুরুচিকর ভিডিও বিচারব্যবস্থার গরিমাকে যে আঘাত করছে এমনটাই মত আইনজীবীদের একাংশ। যদিও হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা তদন্ত করা হচ্ছে।