বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্তঃসত্ত্বা সাংবাদিককে (Journalist) ধাক্কা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন ওই মহিলা সাংবাদিক নিজেই। তাঁর দাবি, বিক্ষোভ চলাকালীন আচমকা তাঁকে ধাক্কা মারেন লোকসভার বিরোধী দলনেতা। যে কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ওই অন্তঃসত্ত্বা সাংবাদিককে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে কংগ্রেস নেতার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি। এদিন হাসপাতালে অভিযোগকারিনীর বেডের চারপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে কয়েকজন বিজেপি নেতাকে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে বড় অভিযোগ
সম্প্রতি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী জোটের অন্যান্য নেতা, সাংসদ। সেই মিছিলেই খবর করতে গিয়েছিলেন সাংবাদিক রিচা পরাশর। সুপ্রিম কোর্ট চত্বরে রাহুল গান্ধীরা উপস্থিত হওয়ায় সেখানেই ইন্ডি জোটের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। বিরাট জমায়েতের মধ্যে তাঁকে রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন বলেই অভিযোগ তুললেন রিচা। ওই মহিলা সাংবাদিক জানিয়েছেন, তিনি তাঁর বুম এগিয়ে দিলে রাহুল গান্ধী হাত দিয়ে সেটি সরিয়ে দিতে বলেছিলেন। তবে পরবর্তীতে তিনি আবার এগিয়ে গেলে তাঁকে ধাক্কা মারেন কংগ্রেস নেতা।
মহিলা সাংবাদিকের কথায়, “আমি খবর সংগ্রহ করতে গিয়েছিলাম। মাইক এগিয়ে দিতেই দেখলাম রাহুল গান্ধী আমাকে হাত দিয়ে ইশারা করে সরে যেতে বলল। আমি সরেও গিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম অন্যান্য সংবাদমাধ্যমের কর্মীরা বুম এগিয়ে দিচ্ছেন, আমিও মাইক এগিয়ে দিই। তখন আমার হাত টেনে ফেলে দেন রাহুল গান্ধী। তাঁর দেহরক্ষীরাও আমাকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেন।”
আরও পড়ুন: ভারত, চিনকে ধমকে নিজেই রাশিয়া থেকে তেল কিনছেন ট্রাম্প, বললেন ‘একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি’
নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে একটি ভিডিও পোস্ট করেছেন রিচা। হাসপাতালের বেডে শুয়েও রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করতে দেখা গিয়েছিল ওই মহিলা সাংবাদিককে। তবে রাহুল গান্ধী তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বা তিনি পড়ে গিয়েছেন এমন কোনও দৃশ্য ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যায়নি। নতুন করেও কোনও এমন যুক্তিসঙ্গত ভিডিও-ও প্রকাশ করেননি সাংবাদিক। তবে স্বাভাবিকভাবে অভিযোগ উঠতেই এ নিয়ে বেড়েছে রাজনৈতিক চর্চা। ওই মহিলা সাংবাদিকের অভিযোগ পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হাত-শিবিরের নেতাকে কার্যত তুলোধোনা করছেন বিজেপির নেতাকর্মীরা!










