সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আপনিও কি আগামী কয়েকদিনের মধ্যে ট্রেনে করে কোথাও যাওয়ার কথা ভাবছেন? অথচ টিকিট না পেয়ে তৎকাল টিকিট (Tatkal Ticket Booking) কাটতে বাধ্য হচ্ছেন? তাহলে জানিয়ে রাখি, এবার ট্রেন টিকিটের বুকিং-এর ক্ষেত্রে রেল শুরু করল টোকেন ব্যবস্থা (Token System)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
তৎকাল টিকিটের জন্য টোকেন ব্যবস্থা চালু করল রেল
জানা গিয়েছে, তৎকাল টিকিট সংরক্ষণ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার জন্য পশ্চিম মধ্য রেলওয়ের কোটা বিভাগ একটি নতুন টোকেন ব্যবস্থা চালু করেছে। এখন থেকে কোটা বিভাগের সমস্ত রেল স্টেশনে যাত্রীদের তৎকাল টিকিট কেনার আগে নির্দিষ্ট সময়ে টোকেন দেওয়া হবে। যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে রেল কর্তৃপক্ষ এসি এবং স্লিপার ক্লাসের টোকেন বিতরণের জন্য আলাদা সময় নির্ধারণ করেছে।
দেখুন সময়সীমা
এসি ক্লাস অর্থাৎ ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি তৎকাল টিকিট বুক করা যাত্রীদের সকাল ৯:০০টা থেকে ৯:২৫টার মধ্যে কাউন্টার থেকে টোকেন সংগ্রহ করতে হবে। স্লিপার ক্লাস এবং নন-এসি ক্লাসের টোকেন সকাল ৯:৩০টা থেকে ৯:৫৫টার মধ্যে যাত্রীদের দেওয়া হবে। উল্লেখ্য যে, কোটা রেলওয়ে বিভাগ যাত্রীদের সময়মতো বুকিং অফিসে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে, যাতে তাঁরা সঠিক ক্রমে টোকেন সংগ্রহ করতে পারেন এবং কোনো অসুবিধা না হয়।
রেলের বর্তমান নিয়ম অনুযায়ী, যাত্রার তারিখের একদিন আগে থেকে তৎকাল টিকিট বুকিং শুরু হয়। পিআরএস কাউন্টার ছাড়াও, যাত্রীরা অফিসিয়াল আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমেও তৎকাল টিকিট বুক করতে পারেন, তবে শর্ত হলো তাদের ইউজার অ্যাকাউন্টটি আধার ভেরিফায়েড হতে হবে।
আরও পড়ুন: অন্নপূর্ণা ভান্ডারের নিয়মে বদল, এখনই মিলবে না ৩০০০ টাকা!
অন্যদিকে রেল এখন ট্রেনের চার্ট তৈরির সময়সীমা সম্পর্কেও ভারতীয় রেল নতুন নির্দেশিকা জারি করেছে। ভোর ৫:০১ থেকে দুপুর ২:০০ টার মধ্যে চলাচলকারী ট্রেনগুলির জন্য প্রথম রিজার্ভেশন চার্ট যাত্রার আগের দিন রাত ৮:০০ টার (রাত ৮টা) মধ্যে তৈরি করতে হবে। দুপুর ২:০১ মিনিট থেকে রাত ১১:৫৯ মিনিট এবং মধ্যরাত ১২:০০টা থেকে ভোর ৫:০০টা পর্যন্ত চলাচলকারী সকল ট্রেনের প্রথম চার্টটি ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের কমপক্ষে ১০ ঘণ্টা আগে প্রস্তুত করা হবে।










