দুই মাথা, চার চোখ! উদ্ধার বিরল ‘উলফ স্নেক’, ভাইরাল ভিডিও

Published:

two-headed wolf snake (1)

আনিষা চৌধুরী, কলকাতা: প্রকৃতির কি অদ্ভুত লীলা! সম্প্রতি গুজরাতের (Gujarat) দাহোড়ে (Dahod) এমন এক বিরল দর্শন সাপের (Snake) সন্ধান মিলেছে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন স্থানীয় বাসিন্দা। বন্যপ্রাণীপ্রেমীরাও এমন অদ্ভুত কাণ্ড দেখে অবাক। একটি শরীরের উপর রয়েছে দু’টি আলাদা মাথা, সেই দুটি মাথায় চারটি চোখ। দাহোড় জেলার ধানপুর তালুকের আগাসওয়ানি গ্রামের একটি খেত থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেন বন্যপ্রাণী উদ্ধারকার্য সংস্থা ‘দাহোড় প্রকৃতি মিত্র মণ্ডল’-কে। এরপর তাদের সদস্যরা গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

সাপটিকে দেখে কী বলছেন বিশেষজ্ঞরা?

সাপটিকে উদ্ধার করার পর ওই সংস্থা বিশেষজ্ঞদের কাছে প্রাণীটির কিছু ছবি পাঠায়। তারা জানতে চায় সাপটি আসলে কোন প্রজাতির। বিশেষজ্ঞদের থেকে জানা যায়, এটি উলফ স্নেক (Wolf snake)। এই প্রজাতি বিষধর নয় এবং সাধারণত মানুষের জন্য বিপজ্জনক হিসেবে বিবেচিত হয় না। জানা যাচ্ছে উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি।

তবে সাপটির সবচেয়ে অস্বাভাবিক বৈশিষ্ট্য তার দু’টি মাথা। বিজ্ঞানীরা এই ধরনের শারীরিক অবস্থাকে বাইসেফালি (Bicephaly) বলেন। মাতৃগর্ভে ভ্রূণের বিকাশের সময় দুটি শিশুর সম্পূর্ণভাবে আলাদা হওয়ার প্রক্রিয়ায় যদি কোনও প্রকার অস্বাভাবিকতা তৈরি হয়, তাহলে একই শরীরে এইরকম দু’টি মাথা গড়ে উঠতে পারে। সাপ-সহ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এমন ঘটনা দেখতে পাওয়া যায়। তবে এই বিষয়টি অত্যন্ত বিরল।

এই সাপটির দু’টি মাথাতেই আলাদা করে দু’টি চোখ রয়েছে। উদ্ধারকারী দলের পর্যবেক্ষণ অনুযায়ী, দু’টি মাথাই স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে। এবং দুটি মাথাই আলাদা আলাদা প্রতিক্রিয়ায় সক্ষম। এমন শারীরিক গঠন অবশ্য প্রাণীটির স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। খাবার খোঁজা, চলাফেরা কিংবা বিপদ থেকে পালানোর সময় দু’টি মাথার আলাদা প্রতিক্রিয়ার কারণে সমন্বয়ের সমস্যা হতে পারে। ফলে বন্য পরিবেশে এই ধরনের প্রাণীর পক্ষে টিকে থাকাটা বেশ কষ্টকর।

আরও পড়ুন: চিনি থেকে ময়দা, সুজি সবই অর্ধেক দামে! পুজোয় সস্তায় রেশন দেবে রাজ্য, কবে থেকে?

দাহোড় প্রকৃতি মিত্র মণ্ডলের দাবি, গুজরাতে এই প্রথম দু’মাথা বিশিষ্ট সাপের এমন ঘটনা সামনে এসেছে। ভারতে এর আগে এমন বিরল সাপের আরও কয়েকটি ঘটনার উল্লেখ পাওয়া যায় বলেও উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত সাপটিকে নিরাপদে রেখে তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হচ্ছে।

google button