আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজো (Durga Puja) উপলক্ষে রেশন (Ration) গ্রাহকদের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল, কিছু বিশেষ উপভোক্তারা পুজোর সময় ময়দা, চিনি এবং সুজি রেশন হিসেবে পাবেন। এইবার সেই বিশেষ পূজা প্যাকেজ বিতরণের তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর।
কবে মিলবে এই পুজো স্পেশাল প্যাকেজ?
খাদ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর প্রায় একমাস পর্যন্ত রেশন ব্যবস্থার মাধ্যমে এই বিশেষ সুবিধা উপলব্ধ হবে। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু বিশেষ খাদ্যসামগ্রী সাধারণ সময়ের তুলনায় অনেকটাই কম দামে উপভোক্তাদের দেওয়া হবে। এর ফলে পুজোর মরশুমে রাজ্যের প্রায় ২ কোটি গরিব মধ্যবিত্ত পরিবার উপকৃত হবে।
দুর্গাপুজোয় যে সমস্ত খাদ্য সামগ্রীর প্রয়োজন হয়, সেগুলির কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিশেষ প্যাকেজে থাকছে চিনি, ময়দা এবং সুজি। নির্ধারিত সময়ের মধ্যে রেশন কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ৫০০ গ্রাম সুজি দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই সামগ্রীগুলি বাজারদরের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম দামে কিনতে পারবেন রাজ্যের উপভোক্তারা।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে ‘চপ্পল প্রতিবাদ’ CJP-র? অভিজিৎ দীপকের সঙ্গে থাকছেন ধ্রুব রাঠিও
পুজোর আগে সাধারণ মানুষের অতিরিক্ত খরচের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। বিশেষ করে উৎসবের সময়ে মিষ্টি ও বিভিন্ন খাবার তৈরিতে চিনি, ময়দা ও সুজির ব্যবহার বাড়ে। তাই রেশন ব্যবস্থার মাধ্যমে কম দামে এই সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ অক্টোবর থেকেই বিশেষ প্যাকেজ চালুর প্রস্তুতি চলছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যোগ্য রেশন কার্ডধারীরা এই সুবিধা পাবেন।










