শিক্ষক ও সরকারি কর্মীদের ৪৫০০ টাকা বোনাসের ঘোষণা, বাড়ল পুলিশদের বরাদ্দ

Published:

Bonus

সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। প্রতিবছরের মতো এবারও দেওয়া হবে বোনাস (Bonus)। হ্যাঁ, ওনাম উপলক্ষ্যে এই বোনাস দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, এবার শিক্ষক থেকে শুরু করে অন্যান্য কর্মীদের ৪৫০০ টাকা করে বোনাস দেওয়া হবে। তবে পুলিশ কর্মীদের এই বোনাসের পরিমাণ কত দাঁড়াচ্ছে? এমনকি উৎসবের দিনগুলিতে ডিউটি করলেই বা কত মিলবে?

সরকারি কর্মীদের বোনাস দেওয়ার ঘোষণা

বলে দিই, এই বোনাস দেওয়ার ঘোষণা করা হয়েছে কেরলম সরকারের তরফ থেকে। সেক্ষেত্রে দক্ষিণ ভারতের জনপ্রিয় উৎসব ওনাম উপলক্ষ্যে মিলবে এই বোনাসের টাকা। কর্মচারী থেকে শুরু করে শিক্ষকদের জন্য এবার এই রাজ্যটির সরকার ৪৫০০ টাকা করে বোনাসের ঘোষণা করেছে। তবে অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে সকল কর্মচারীরা এই বোনাসের জন্য যোগ্য নন, তাঁরা বিশেষ উৎসব ভাতা হিসাবে ৩০০০ টাকা করে পাবেন।

যদিও গত বছরের তুলনায় এবার বোনাসের অঙ্কে সেরকম কোনও পরিবর্তন করা হয়নি। তবে কর্মচারীদেরকে তাঁদের বেতনের উপর ২০ হাজার টাকা ওনাম উপলক্ষ্যে অগ্রিম মঞ্জুর করা হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মচারীরা পাবেন ৬০০০ টাকা করে অগ্রিম। অন্যদিকে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক কর্মচারী, কর্পোরেশন বা সরকারি খাতের প্রতিষ্ঠান, ডেপুটেশনে কর্মরত কর্মচারীরাও এই বোনাসের জন্য যোগ্য হবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ১ সেপ্টেম্বর থেকেই বদলে যাচ্ছে বিদেশ সফরের নিয়ম, বোর্ডিং পাস নিয়ে বড় খবর

তবে এর পাশাপাশি উৎসবের দিনগুলিতে কর্তব্যরত পুলিশ কর্মীদের জন্যও বোনাসের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ। সেক্ষেত্রে পুলিশ কর্মীদের জন্য এবার এই বিশেষ ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। এমনকি ছুটির দিনগুলিতে কর্তব্যরত পুলিশ কর্মীদের অতিরিক্ত ১০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার। তবে সবার জন্য দেওয়া হবে না এই সুবিধা। ছুটির দিনগুলিতে যাঁরা ডিউটি করবেন, তাঁরা পাবেন বোনাস। এমনকি রাজ্যজুড়ে এই দিনগুলিতে ২০ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে বলেই জানানো হয়েছে।