বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজধানীর বুকে ক্রমশ বেড়ে চলা ধর্ষণ (Rape) সহ মহিলাদের উপর হওয়া নানান অপরাধমূলক কাজ বন্ধ করতে পুলিশের উদ্দেশ্যে এবার বড় বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার, দিল্লিতে মহিলাদের সাথে হওয়া নানা নক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হয়ে বিশেষ পরামর্শ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা জানান, “আমরা এমন কিছু করলে মারা যেতে পারি এই ভয় অপরাধিদের মধ্যে তৈরি করতে না পারলে এই ধরনের অপরাধ বন্ধ করা যাবে না।”
ধর্ষণের মতো অপরাধ ঠেকাতে বড় পরামর্শ সুপ্রিম কোর্টের
এদিন, সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকে মহিলাদের বিরুদ্ধে হওয়া নানান অসামাজিক কাজকর্ম থেকে শুরু করে নক্কারজনক ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি জানান, অপরাধী যেই হোক না কেন তাঁর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া প্রয়োজন। পুলিশকে সেই কাজ করতে হবে। একই সাথে ধর্ষণের মতো ঘটনা আটকাতে দিল্লী পুলিশকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
দেশের শীর্ষ আদালত জানায়, কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশকে অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার আগে সেই অপরাধ যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, “আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে দেশের রাজধানীর বুকে প্রত্যেকটা অঞ্চলে নারীরা যেন নিরাপদ বোধ করেন। রাত দশটায় রাস্তা দিয়ে হেঁটে যান কিংবা মেট্রোতে থাকুন, প্রত্যেক মহিলা যাতে সব সময় নিরাপদে থাকে সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে।”
আরও পড়ুন: আটকে কর্মীদের বেতন থেকে বাড়ি ভাড়া, পুজোর আগে টাকা না পেয়ে ফের হাইকোর্টে মমতা তৃণমূল
এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি শহরে নারীরা নিরাপদ নয় বলেই মনে হচ্ছে। বিশেষ করে কিছু সংবেদনশীল এলাকায় মহিলারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না। তাই দেশের শীর্ষ আদালত মনে করে, মহিলাদের সাথে অন্যায় হওয়ার আগে সেটা আটকাতে হবে পুলিশকে। একই সাথে অপরাধীর সাথে যুক্ত ব্যক্তিদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ।










