বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প (India’s First Bullet Train) নিয়ে আনন্দ সংবাদ! অবশেষে সম্পন্ন হল মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের 80 শতাংশ কাজ। ইতিমধ্যেই সেই কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একই সাথে কেন্দ্রীয় মন্ত্রী এও জানালেন, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের যাবতীয় কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আগামী কিছুদিনের মধ্যেই বাকি কাজও সম্পন্ন হয়ে যাবে। ঠিক কবে থেকে শুরু হবে বুলেট ট্রেন পরিষেবা? জানিয়ে দিলেন রেলমন্ত্রী।
কবে থেকে পাকাপাকিভাবে শুরু হবে বুলেট ট্রেন পরিষেবা?
দেশের প্রথম বুলেট ট্রেন বলে কথা। তাই একেবারে প্রথম থেকেই রেলের এই বিশেষ প্রকল্প নিয়ে কৌতুহলের অন্ত নেই দেশবাসীর। সময় যত যাচ্ছে ততই ভারতের প্রথম বুলেট ট্রেন নিয়ে প্রশ্ন বাড়ছে সাধারণ মানুষের মনে। সেসবের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন ছিল পাকাপাকিভাবে কবে থেকে শুরু হবে বুলেট ট্রেন পরিষেবা? এবার সেই উত্তর দিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে রেলমন্ত্রী জানালেন, একেবারে দ্রুত গতিতে চলছে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ। মুম্বই-আহমেদাবাদ রুটে ইতিমধ্যেই এই প্রকল্পের 80 শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকিটাও খুব শীঘ্রই হয়ে যাবে। রেলমন্ত্রীর বক্তব্য, আগামী 2027 সালের 15 আগস্ট এই রুটে প্রথম বুলেট ট্রেন চলাচল শুরু হবে।
তবে রেলমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে পুরো অংশে নয় বরং সুরাট থেকে বিলিমোর সেকশনে ছুটবে বুলেট ট্রেন। এরপর পরবর্তী ধাপে বুলেট ট্রেন পরিষেবা শুরু হবে ভাপি থেকে সুরাট, ভাপি থেকে আহমেদাবাদ, আমেদাবাদ থেকে থানে এবং সবশেষে আহমেদাবাদ-মুম্বইয়ের মধ্যে। রেল মন্ত্রকের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, 2027 এ আংশিকভাবে বুলেট ট্রেন পরিষেবা চালু হলেও 2029 সালের মধ্যে 508 কিলোমিটারের দীর্ঘ রূটে ছুটবে বুলেট ট্রেন।
অবশ্যই পড়ুন: ট্রেন বা প্ল্যাটফর্মে নোংরা করলেই ফাইন, পূর্ব রেলে শুরু নয়া অভিযান
প্রসঙ্গত, রেলমন্ত্রী এও জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আহামেদাবাদ রেল স্টেশনে ঢোকার জন্য একটি নতুন প্রবেশদ্বার তৈরি করা হবে। এর ফলে যাত্রীদের চলাচলে যেমন সুবিধা হবে তেমনই পার্শ্ববর্তী অঞ্চলের উন্নতি ঘটবে। রেলমন্ত্রীর কথায়, “আহমেদাবাদ রেলস্টেশনটিকে একটি বিশ্বমানের রেল স্টেশন হিসেবে গড়ে তুলতে চাইছি আমরা।”










