সৌভিক মুখার্জী, কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনা পাকিস্তানে (Pakistan)। একটি বেসরকারি টিউশন সেন্টারের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে নিহত হয়েছে ১৪ জন শিশু, এবং আহত আরও ২০ জন। পুলিশ সূত্রে খবর, ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ওই টিউশন সেন্টারটিতে বিশেষ করে ৭ থেকে ১৩ বছর বয়সী ৩০ জনের বেশি শিশু একসঙ্গে ক্লাস করছিল। কিন্তু আচমকা ছাদের একাংশ ধসে পড়ায় তাঁরা ধ্বংসস্তূপ নিচে চাপা পড়ে, এবং ঘটনাস্থলেই প্রাণ যায় ১৪ জন শিশুর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাকিরা। ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী (Shehbaz Sharif)।
মর্মান্তিক দুর্ঘটনায় শিশু মৃত্যু পাকিস্তানে
জানা গিয়েছে, লাহোরের কাহনা নও এলাকায় অবস্থিত ঈদগাহ মহল্লায় এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধার এবং ত্রাণকার্য শুরু হয়, এবং ধ্বংসস্তূপ থেকে ২০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি আহতদের মধ্যে একজন মহিলা শিক্ষিকও রয়েছেন বলে খবর। ইতিমধ্যেই লাহোর কমিশনার মরিয়ম খান ১৪ জন শিশুর মৃত্যু খবর নিশ্চিত করেছেন, এবং তিনি জানিয়েছেন যে এই গোটা ঘটনার তদন্ত চলছে। এমনকি পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে, এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
উদ্ধারকারী সংস্থা এনজিওটি এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও পর্যন্ত কিছু শিশু আটকে পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে হাসপাতালে ভর্তি শিশুদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই খবর। এমনকি সংস্থাটি আরও জানায়, দ্রুত গতিতে উদ্ধারকাজ চলছে এবং ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে মোতায়েন করে জরুরী চিকিৎসা সহায়তাও প্রদান করা হচ্ছে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সনাক্ত করতে এবং তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার জন্য পুলিশ ও জেলা প্রশাসনকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: জুলাইতে বাংলার ৪১০০ গ্রামের চিত্র বদলে দেবে রাজ্য সরকার, টার্গেট বেঁধে দিল নবান্ন
সবথেকে বড় ব্যাপার, ওই ভবনটির যে অংশে টিউশন সেন্টারটি সেন্টারটি ছিল, সেটি নির্মাণাধীন অবস্থাতেই ছিল। এমনকি ছাদ ধসে পড়ার সময় শ্রমিকরাও সেখানে কাজ করছিলেন বলে খবর। এই ঘটনায় শোক প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লিখেছেন, লাহোরের কাহনা এলাকায় একটি টিউশন সেন্টারের ছাদ ধসে মূল্যবান প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোক প্রকাশ করছেন। এমনকি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি, এবং তাদের সমস্ত ধরনের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।










