চিনে ভয়াবহ খনি দুর্ঘটনা, মৃত ৯০ শ্রমিক, আহত শতাধিক

Published:

China Coal Mine Explosion

সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা চিনে। উত্তর চিনের শানজি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর (China Coal Mine Explosion)। চিনা সরকারি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্ঘটনায় আরও শতাধিক শ্রমিক গুরুতর জখম এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর ধসে পড়া খনির ভেতরে এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে।

ভয়াবহ দুর্ঘটনা ড্রাগনের দেশে

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩৯ মিনিট নাগাদ শানজি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে। খনিটি চিনের তংঝু গ্রুপ দ্বারা পরিচালিত হত। সূত্রের খবর, দুর্ঘটনার সময় খনির ভিতরে মাটির নিচে আনুমানিক ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। আর আকস্মিক বিস্ফোরণে গোটা সুরঙ্গটি কেঁপে ওঠে এবং বিষাক্ত গ্যাসের ধোঁয়া ছড়িয়ে পড়ে চারিদিকে। তবে বিস্ফোরণে সুনির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সংবাদমাধ্যমের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকার্যে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চিনের জরুরি পরিস্থিতির ব্যবস্থাপনা মন্ত্রক তাৎক্ষণিকভাবেই ছয়টি বিশেষ উদ্ধারকারী দলের মোট ৩৪৫ জন দক্ষ কর্মীকে ঘটনাস্থলে পাঠায়। এ বিষয়ে চিনের প্রেসিডেন্ট জিনপিং গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের চিকিৎসা আর আটকে থাকা শ্রমিকদের খুঁজে বের করতে কোনও রকম খামতি না রাখার নির্দেশ দেন। পাশাপাশি দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিমধ্যেই খনির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের স্কুলে এবার ‘নো ব্যাগ ডে’! পড়ুয়াদের চাপ কমাতে কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের

জানিয়ে দিই, শানজি প্রদেশকে বলা হয় চিনের কয়লার খনির রাজধানী। অর্থনৈতিক দিক থেকে এটি চিনের অন্যতম অনগ্রসর একটি অঞ্চল। ২০০০ দশকের শুরুতেই চিনের কয়লা খনিগুলিতে প্রায়ই এই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটত। তবে পরবর্তী সময়ে নিরাপত্তাবিধি অত্যন্ত কঠোর করার কারণে দুর্ঘটনার হার অনেকটাই কমেছিল। কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে খনি দুর্ঘটনা এড়ানো যায়নি।