‘অবিলম্বে বিক্ষোভকারীদের মুক্তি দেওয়া হোক’ ভারত সরকারকে বার্তা বাংলাদেশের ছাত্রনেতার

Published:

Bangladesh Leader on Indian protest

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে গোটা দেশজুড়ে চলছে বিক্ষোভ। ককরোচ জনতা পার্টির তরফেও যন্তর মন্তরে বড়সড় আন্দোলনের (CJP Protest) ডাক দেওয়া হয়েছিল। তবে সেই বিক্ষোভ কর্মসূচি সফল হওয়ার আগেই একে একে অভিজিত দীপকে থেকে শুরু করে ধ্রুব রাঠিদের আটক করে পুলিশ। আটক করা হয়েছে অসংখ্য সিজেপি সমর্থককে। আর সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকারের কাছে দ্রুত বিক্ষোভকারীদের মুক্তির দাবি করলেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (Bangladesh) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল অর্থাৎ শনিবার, নিজের ফেসবুক পেজ থেকে বিক্ষোভকারীদের মুক্তির দাবি জানিয়ে বিশেষ পোস্ট করেন তিনি।

বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার দাবি বাংলাদেশের ছাত্রনেতার

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে বাংলাদেশের ছাত্রনেতা আসিফ মাহমুদ দ্রুত ভারতে গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের মুক্তির দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, ভারতে তরুণ বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করা হচ্ছে। এদিন নিজের পোস্টে তিনি লিখেছিলেন, “আমি বিক্ষোভের ঠিক আগে ধ্রুব রাঠি এবং ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ তরুণ বিক্ষোভকারীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।”

নিজের ওই পোস্টে বাংলাদেশের ছাত্রনেতা আরও লেখেন, বিভিন্ন প্রতিবেদন মারফত তিনি খবর পেয়েছেন ভারত সরকার বিক্ষোভ আটকাতে শয়ে শয়ে ট্রেন বাতিল করার পাশাপাশি বাস চলাচল স্থগিত করে দিয়েছে। যেসব এলাকায় বিক্ষোভ দেখানো হচ্ছে সেখানে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কিছু এলাকায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট। এরপরই ওই পোস্টে বাংলাদেশের ছাত্রনেতা জানান, “আমি ভারত সরকারের কাছে অবিলম্বে আটক হওয়া বিক্ষোভকারীদের মুক্তির আহ্বান জানাচ্ছি।  স্বাধীন ও শান্তিপূর্ণ প্রতিবাদ তরুণদের মৌলিক অধিকার, সেটাকে সম্মান জানানো হোক।”

আরও পড়ুন: গ্রেফতার করে দিল্লি পুলিশ, অভিজিতদের মুক্তি দিল আদালত, ছাড়া পেলেন ধ্রুব রাঠিও

উল্লেখ্য, গতকাল ককরোচ জনতা পার্টির তিন নেতা অভিজিৎ, সৌরভ এবং আশুতোষকে বিমান থেকে আটক করা হলেও আজ অর্থাৎ রবিবার দিল্লির ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের বিশেষ শর্তে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, শনিবার জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে তাঁর বাড়ি থেকে আটক করা হলেও শনিবার মাঝরাতে তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ।

google button