বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোনার ভান্ডার (Gold Reserve) নিয়ে আবার চমক দিল চিন (China)। ড্রাগনের দেশের বিভিন্ন এলাকায় নতুন করে বিপুল পরিমাণ সোনার সম্ভাব্য সম্পদের সন্ধান মিলেছে। রিপোর্ট অনুযায়ী, দেশটির লিয়াওনিংয়ের দাদংগৌ এবং হুনানের ওয়াংগু এলাকার আবিষ্কারের পর জায়গাগুলিতে সর্বসাকুল্যে 2,444 টনেরও বেশি সোনার সম্ভাব্য মজুত রয়েছে বলেই ধারণা করছেন চিনা গবেষকরা। আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার পৃথিবীর সবচেয়ে বেশি সোনার মজুতকারী দেশ হয়ে উঠল চিন?
ড্রাগনের দেশে তাল তাল সোনা
রয়টার্স-এর রিপোর্ট অনুযায়ী, চিনের লিয়াওনিংয়ের দাদংগৌ খনিতে কম করে প্রায় 1,444.49 টন সোনার মজুতের হিসেব পাওয়া গিয়েছে। এর আকরিকের পরিমাণ প্রায় 258.6 কোটি টন। যেখানে প্রতিটা আকরিক কম করে 0.56 গ্রাম সোনা রয়েছে। 1949 সালের পর এটিকে ড্রাগনের দেশের সবচেয়ে বড় একক সোনার ভান্ডারগুলির মধ্যে অন্যতম ভান্ডার হিসেবেই বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, হুনানের ওয়াংগু এলাকায় প্রায় 300.2 টন সোনার সম্পদ নিশ্চিত করেছে চিনের প্রশাসন।
এই দুই এলাকার সোনার মজুদের পাশাপাশি আরও 1000 টনেরও বেশি সোনার সম্ভাব্য মজুত মাটির একেবারে গভীর স্তরে থাকতে পারে বলে অনুমান করছেন চিনা গবেষকরা। এক কথায়, নিশ্চিত সম্পদ এবং সম্ভাব্য সম্পদের মোট হিসেব অনুযায়ী, চিনের বিভিন্ন এলাকায় 2,444 টনেরও বেশি সোনার মজুতের সম্ভাব্য সন্ধান পেয়েছেন গবেষকরা। এখন দেখার সেই সম্ভাবনা ঠিক কতটা সত্যি হয়।
আরও পড়ুন: আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভারতের জয়জয়কার, ৯ পড়ুয়ার ঝুলিতে ৯টি সোনা
প্রসঙ্গত, ড্রাগনের দেশে ফের বিপুল সোনার মজুদের সন্ধান মিলেছে মানেই যে দেশটি বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুতকারী দেশ হয়ে উঠেছে এমনটা নয়। চলতি মাসের হিসেব অনুযায়ী, এই মুহূর্তে চিনের সরকারি সোনার মজুত প্রায় 2,435 টন, যেখানে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকার বর্তমান সোনার মজুত প্রায় 8,133.5 টন। কাজেই আবিষ্কৃত নতুন সোনার পরিমাণ যোগ করলেও আমেরিকাকে টপকাতে পারবে না ড্রাগনের দেশ।


