আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভারতের জয়জয়কার, ৯ পড়ুয়ার ঝুলিতে ৯টি সোনা

Published:

9 GOLD MEDALS

আনিষা চৌধুরী, কলকাতা: আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতার মঞ্চে ফের নজর কাড়ল ভারত। ২০২৬ সালের International Physics Olympiad এবং International Chemistry Olympiad-এ অসাধারণ সাফল্য পেলেন দেশের তরুণ পড়ুয়ারা। দুই প্রতিযোগিতা মিলিয়ে ভারতের মোট ন’জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাঁদের প্রত্যেকেই সোনার পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। পদার্থবিদ্যা ও রসায়ন, দুই বিভাগেই ভারতীয় তরুণদের এই সাফল্য অবিস্মরণীয় হয়ে থাকবে।

কারা কারা জিতলেন সোনার পদক?

গত ৫ থেকে ১২ জুলাই কলম্বিয়ার বুকারামাঙ্গায় অনুষ্ঠিত হয় ৫৬তম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড (International Physics Olympiad)। সেখানে ভারতের পাঁচ সদস্যের দলই গোল্ড মেডেল জেতে। প্রতিযোগিতায় ৮৭টি দেশের মোট ৩৮১ জন পড়ুয়া অংশ নিয়েছিলেন। দেশগুলির পদক তালিকায় চিন, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করে ভারত।

পদার্থবিদ্যায় সোনা জয়ী পাঁচ ভারতীয় পড়ুয়া হলেন মহারাষ্ট্রের কানিষ্ক জৈন, মধ্যপ্রদেশের ঋদ্ধেশ অনন্ত বেন্ডালে, দিল্লির ঋষিত গর্গ, মহারাষ্ট্রের শ্রেষ্ঠ সুরাইয়া এবং গুজরাতের স্বরিত জোশী। আন্তর্জাতিক স্তরে কঠিন এই প্রতিযোগিতায় নিজেদের মেধা ও সমস্যা সমাধানের দক্ষতার পরিচয় দিয়েছেন তাঁরা।

অন্যদিকে, ১০ থেকে ১৯ জুলাই উজবেকিস্তানের তাশখন্দে আয়োজিত হয় ৫৮তম ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড (International Chemistry Olympiad)। সেখানেও ভারতের চার সদস্যের প্রত্যেকেই গোল্ড মেডেল জেতেন। এই চার পড়ুয়া হলেন ওড়িশার দেবদত্ত প্রিয়দর্শী, পঞ্জাবের হর্ষিত সিংলা, দিল্লির কবীর ছিল্লার এবং তেলঙ্গানার সন্দীপ কুচি। রসায়নেও চিন, ভিয়েতনাম এবং রাশিয়ার ব্যক্তিগত প্রতিযোগীদের একটি দলের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে ছিল ভারত।

আরও পড়ুন: দারিদ্র্য পেরিয়ে মহাকাশে, বীরভূমের কৃষকের ছেলে সুলতান পেলেন ISRO-তে গবেষণার সুযোগ

এই সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের প্রস্তুতি ও প্রশিক্ষণ। হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন, যা টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এর একটি জাতীয় কেন্দ্র, এটি ভারতের ন্যাশনাল অলিম্পিয়াড প্রোগ্রাম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছে। দুই অলিম্পিয়াডে ন’টি সোনা জয় ভারতীয় পড়ুয়াদের বৈজ্ঞানিক মেধা ও দক্ষতারই পরিচয় দিয়েছে।

google button