সৌভিক মুখার্জী, কলকাতা: তামিলনাড়ুর (Tamil Nadu) মাদুরাইয়ের তিরুপরনকুন্দ্রম পাহাড়ের দীপথূনে কার্তিগাইতে প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে চলা বিতর্ক আবারও দেশের শীর্ষ আদালতে উঠে এলো। ১৮৬২ সালে শুরু হওয়া এই বিরোধ ২০২৬ সালে এসে নতুন করে আইনি মোড় নিয়েছে। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকার আর মন্দির প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করার পাশাপাশি পাহাড় আর মন্দিরে নিরাপত্তার দায়িত্ব সিআরপিএফের হাতে তুলে দিয়েছে বলেই খবর।
কী কারণে এই বিতর্ক?
আসলে মাদুরাইয়ে কার্তিক পূর্ণিমা উপলক্ষে কার্তিগাই দীপম উৎসব পালিত হয় প্রতি বছর। আর এই রীতি অনুযায়ী তিরুপরনকুন্দ্রম পাহাড়ের উপরের অংশে অবস্থিত পাথরের স্তম্ভ বা দীপথূনে প্রদীপ জ্বালানোর দাবি জানিয়ে আসছিল হিন্দু সংগঠনগুলি। কিন্তু পাহাড়ের উপরের অংশে সিকান্দার বাদুশা দরগাহ অবস্থিত হওয়ায় এবং আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় প্রশাসন সেখানে প্রয়োজনীয় অনুমতি দিতে চায়নি। যার পরিবর্তে উচিপিল্লাইয়ার মন্দিরের কাছে প্রথাগত স্থানে প্রদীপ জ্বালানো হতো।
তবে বিতর্ক কিন্তু নতুন নয়। বেশ কিছু নথিপত্র ঘেঁটে জানা গেল, ১৮৬২ এবং ১৯১২ সালে দীপথূনে প্রদীপ জ্বালানোর চেষ্টা করা হলেও তৎকালীন প্রশাসন সেই অনুমতি দেয়নি। এমনকি পাহাড়ের মালিকানা নিয়েও রয়েছে দীর্ঘ আইনি লড়াই।
- ১৯২৩ সালে একটি সাবকোর্ট পাহাড়ের মালিকানা অরুলমিগু সুব্রহ্মণ্য স্বামী মন্দিরকে দিলেও দরগাহর স্থান, সিঁড়ি এবং এলাকায় মুসলিম সম্প্রদায়ের অধিকার বহাল রাখে।
- এরপর ১৯২৬ সালে মাদ্রাজ হাইকোর্ট এই রায় পাল্টালে ১৯৩১ সালে লন্ডনের প্রিভি কাউন্সিল ১৯২৩ সালের রায়কে বহাল রাখে।
- মাদ্রাজ হাইকোর্ট শর্তসাপেক্ষে পাহাড়ের অন্য কোনও স্থানে প্রদীপ জ্বালানোর বিষয়টি বিবেচনার অনুমতি দিয়েছিল ১৯৯৬ সালে। কিন্তু দরগাহ থেকে নির্দিষ্ট দূরত্বে তা হতে হবে বলেই জানানো হয়।
- এদিকে ২০২৫ এর ১ ডিসেম্বর মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ দীপথূনে কার্তিগাই দীপম জ্বালানোর নির্দেশ দেয়।
- তারপর ২০২৬ এর ৬ জানুয়ারি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগের রায় বহাল রাখলে আগস্ট মাসে তামিলনাড়ু সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
- এরপর গত ২০ থেকে ২৪ নভেম্বর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে শুধুমাত্র এই বছরের জন্য ২৪ নভেম্বর প্রদীপ জ্বালানোর অনুমতি দেয়। কিন্তু তামিলনাড়ু সরকারের আপত্তির মুখে ২৪ নভেম্বর দীপথূনের বদলে পুরোনো স্থানে প্রদীপ জ্বালানো হয়।
- অবশেষে ২৭ নভেম্বর আদালতের নির্দেশ অমান্য করায় সুপ্রিম কোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করে। এমনকি রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি আর মাদুরাই কালেক্টরকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়।
আরও পড়ুন: তৃণমূলত্যাগী ২০ সাংসদের ভোট আটকানোর আর্জি, এবার স্পিকারকে চিঠি অভিষেকের
বর্তমানে দীপথূনে প্রদীপ জ্বালানোর কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি এই পুরো পাহাড় ও মন্দির চত্বরের নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশের বদলে সিআরপিএফের হাতেই দেওয়া হয়েছে। এমনকি গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।


