বদলে যেতে পারে গৌড় এক্সপ্রেসের সময়সূচি, রেল মন্ত্রীর কাছে গেল চিঠি

Published:

সহেলি মিত্র, কলকাতা: গৌড় এক্সপ্রেস নিয়ে জরুরি খবর। এবার গৌড় এক্সপ্রেসের (Gour Express) সময়সূচি পরিবর্তনের দাবি উঠল। বর্তমানে গভীর রাতে মালদহ থেকে ছেড়ে ভোররাতে শিয়ালদহে পৌঁছয় ট্রেনটি। এর ফলে কলকাতায় নেমে পরবর্তী গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়েন বহু যাত্রী। বিশেষ করে চিকিৎসার জন্য কলকাতায় আসা রোগী, তাঁদের পরিবারের সদস্য, পড়ুয়া এবং প্রবীণ নাগরিকদের ভোগান্তি বেশি হয়। এই সমস্যা সমাধানে ট্রেনটির ছাড়ার সময় পিছিয়ে রাত সাড়ে ১০টা করার আবেদন জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnaw) চিঠি দিয়েছেন বিজেপির দক্ষিণ মালদহ জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়।

বর্তমানে কখন ছাড়ে গৌড় এক্সপ্রেস?

বর্তমান সময়সূচি অনুযায়ী, গৌড় এক্সপ্রেস মালদহ টাউন স্টেশন থেকে রাত ৯টা ২০ মিনিটে ছাড়ে এবং ভোর ৪টে ৪০ মিনিটে শিয়ালদহে পৌঁছয়। এত সকালে কলকাতায় পৌঁছনোর পর পর্যাপ্ত বাস বা অন্যান্য গণপরিবহণ না পাওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। পাশাপাশি, অনেক হোটেলে নির্ধারিত সময়ের আগে চেক-ইন করার সুযোগও থাকে না। ফলে অনেককে দীর্ঘক্ষণ শিয়ালদহ স্টেশনেই অপেক্ষা করতে হয়।

যাত্রীদের এই অসুবিধার কথা তুলে ধরে অজয় গঙ্গোপাধ্যায় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তাঁর আবেদন, মালদহ টাউন থেকে গৌড় এক্সপ্রেসের ছাড়ার সময় রাত ৯টা ২০ মিনিটের পরিবর্তে রাত সাড়ে ১০টা করা হোক। এই প্রস্তাব কার্যকর হলে ট্রেনটির শিয়ালদহে পৌঁছনোর সময়ও পরিবর্তিত হয়ে ভোর সাড়ে ৫টা নাগাদ হতে পারে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য সুখবর! হলদিবাড়ি থেকে ফের চালু ইন্টারসিটি এক্সপ্রেস, জানুন রুট

রেলমন্ত্রকের সিদ্ধান্তের অপেক্ষায় যাত্রীরা

আবেদনকারীর মতে, সময়সূচি পরিবর্তন করা হলে কলকাতায় পৌঁছে যাত্রীরা পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য গণপরিবহণের কিছুটা বেশি সুবিধা পেতে পারেন। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসা রোগী ও প্রবীণ যাত্রীদের ভোগান্তি কমতে পারে। তবে এখনও পর্যন্ত গৌড় এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তনের কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি। রেলমন্ত্রক এই প্রস্তাবে কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন মালদহ ও আশপাশের এলাকার নিয়মিত যাত্রীরা।

google button