পশ্চিম মেদিনীপুরে খোঁজ মিলল মাংসাশী উদ্ভিদের, চোখ কপালে গবেষকদের

Published:

সহেলি মিত্র, কলকাতা: আবারও শিরোনামে মেদিনীপুর। এবার এই মেদিনীপুরের মাটিতে প্রকৃতির বিস্ময়কর জিনিস মিলল। গবেষকরা খুঁজে পেলেন বিরল ‘সূর্যশিশির’ (Sundew)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এটি কিন্তু কোনও সাধারণ উদ্ভিদ নয়। সূর্যশিশির বা এমন এক আশ্চর্য পতঙ্গভুক উদ্ভিদ, যার পাতার আঠালো গ্রন্থিতে ছোট পোকামাকড় আটকে যায়। অর্থাৎ এটি মাংসাশী। মেদিনীপুরের মাটিতে এটি কীভাবে এল? সেটা ভেবেই তজ্জব গবেষক থেকে শুরু করে প্রশাসক।

মেদিনীপুরে খোঁজ মিলল মাংসাশী উদ্ভিদের

এহেন মাংসাশী উদ্ভিদ মিলতেই প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। কীভাবে এবং কোথা থেকে এর উৎপন্ন হল, কেউ ঠাউর করে উঠতে পারছেন না। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ঘাসজমি ও জলাভূমিতে পতঙ্গভুক উদ্ভিদের সন্ধান পাওয়া যায়। পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) শনাক্ত হয়েছে দুটি সূর্যশিশির প্রজাতি। একটি হল Drosera indica এবং অন্যটি হল Drosera burmannii। এই উদ্ভিদটিকে সংরক্ষণের দাবি জানিয়েছেন পরিবেশ প্রেমীরা। বলা হয়, প্রাকৃতিক ঘাসজমি ধ্বংস এবং জলাভূমি দূষণের কারণে এই উদ্ভিদগুলির অস্তিত্ব বিপন্ন হচ্ছে।

কারা খুঁজে পেয়েছেন?

ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বহু মানুষ এই মাংসাশী উদ্ভিদের ছবি, ভিডিও শেয়ার করেছেন। আর এই দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে অনেকের। ছোট এবং লাল রঙের এই অদ্ভুত রকমের উদ্ভিদটি সকলের কৌতূহল বাড়িয়েছে। জানা গিয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের গবেষক দল এই উদ্ভিদের খোঁজ পেয়েছেন।  দলে ছিলেন অধ্যাপক অমল কুমার মণ্ডল, গবেষক সুখদেব বেরা, সহকারী গবেষক ড. অয়ন কুমার নস্কর প্রমুখ।

আরও পড়ুন: দারিদ্র্য পেরিয়ে মহাকাশে, বীরভূমের কৃষকের ছেলে সুলতান পেলেন ISRO-তে গবেষণার সুযোগ

গত দুই বছরে ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও একই রকমের উদ্ভিদের দেখা মিলেছিল। এই উদ্ভিদের ডগায় রয়েছে আঠালো রস, যেখানে সূর্যের আলো পড়লে চকচক করে ওঠে। আর এটিই পোকামাকড়কে আকর্ষণ করে। এরপর এতে ওই পোকামাকড় এসে বসলে আঠার জেরে আর উঠতে পারে না। ফলে এই উদ্ভিদকে মাংসাশী বলা হয়।

google button