হরমুজে প্রত্যেক জাহাজকে দিতে হবে ২৭৫ কোটি, ট্রাম্পের ঘোষণায় ভারতে বাড়বে জ্বালানির দাম?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াতকারী বিভিন্ন জাহাজ থেকে আলাদা করে টোল আদায় করছিল ইরান। এবার সেই একই পথ ধরে চাঞ্চল্যকর ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্প জানালেন, এবার থেকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে হলে প্রত্যেকটি জাহাজকে মার্কিন নিরাপত্তার নামে 20 শতাংশ গার্ডিয়ান ফি দিতে হবে। ট্রাম্পের এমন ঘোষনার পর এই বিষয়টিকে জাহাজ শিল্পের সাথে যুক্ত কর্তারা প্রকাশ্যে ডাকাতি বলে অভিহিত করেছেন। এদিকে ট্রাম্পের এমন ভয়ঙ্কর ঘোষণার পর ভারতে তেলের বাজারে বড়সড় প্রভাব পড়তে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতে দাম বাড়তে চলেছে জ্বালানির?

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, আমেরিকা যদি প্রত্যেক জাহাজ পিছু 20 শতাংশ করে গার্ডিয়ান ফি চাপায় সেক্ষেত্রে তার মোট পরিমাণ গিয়ে দাঁড়াবে 30 মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 258 কোটি টাকায়। এদিকে ইরানও হরমুজ দিয়ে যাতায়াতকারী কিছু জাহাজের কাছ থেকে 2 মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 17.2 কোটি টাকার টোল নিচ্ছে। এর অর্থ, হরমুজ প্রণালী দিয়ে একটি ট্যাঙ্কারকে জ্বালানি নিয়ে আসতে গেলে 32 মিলিয়ন ডলার পর্যন্ত দিতে হতে পারে। যার অর্থ প্রায় 275 কোটি টাকা পর্যন্ত খরচ হতে প্রতিটি জাহাজের।

বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা এবং ইরানের মধ্যেকার সংঘাত এবং এই অতিরিক্ত ফি চাপানোর ফলে সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের সাধারণ মানুষের পকেটে। এতদিন পর্যন্ত ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী কিছু জাহাজের কাছ থেকে 172 কোটি টাকা পর্যন্ত টোল আদায় করে আসছিল। তবে আমেরিকার ঘোষণার পর সেই ছবিটা বদলাতে চলেছে। ট্রাম্প ইতিমধ্যেই মোট কার্গো মূল্যের অন্তত 20 শতাংশ ফেরত চেয়েছেন। 16 কোটি ডলার মূল্যে 20 শতাংশ আরোপ করার অর্থ 3 কোটি ডলার তুলবেন ট্রাম্প। তবে ঠিক কোন পদ্ধতিতে এই টোল আদায় হবে তা স্পষ্ট করেননি আমেরিকার শাসক।

অবশ্যই পড়ুন: ১ আগস্ট অনুষ্ঠান, ২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

বলে রাখা প্রয়োজন, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ বাস্তবায়িত হলে প্রত্যেক তেলের ব্যারেলে অতিরিক্ত 15 ডলারের চাপ বাড়বে। ভারতীয় মুদ্রায় হিসেব করলে হরমুজ প্রণালী দিয়ে ভারতে তেল আনতে প্রত্যেক ব্যারেল পিছু খরচ 1442 টাকা 85 পয়সা বেড়ে যাবে। সেক্ষেত্রে এক ব্যারেলে 159 লিটার তেল থাকলে প্রতি লিটারে খরচ 9 টাকারও বেশি বাড়বে। সব মিলিয়ে বলাই যায়, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ কার্যকর হয়ে গেলে ভারতে পৌঁছনোর আগেই পেট্রোল, ডিজেলের মতো জ্বালানির দাম প্রতি লিটারে 9 টাকারও বেশি বেড়ে যাবে। এর ফলে স্বাভাবিকভাবেই দেশে বাড়বে সমস্ত জ্বালানির দাম!