ভারত ও মায়ানমারের মধ্যে হবে জমির অদল-বদল? সীমান্ত সুরক্ষায় নতুন প্রস্তাবনা কেন্দ্রের

Published:

India-Myanmar Border

অনন্যা সরকার, নয়াদিল্লি: এবার ভারতের জমিতে পা রাখতে চলেছে মায়ানমার, আর মায়ানমারের ভূখণ্ড অধিকার করে নেবে ভারত। সীমান্ত (India-Myanmar Border) নিয়ে সংঘাত শেষ করতে এমনই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার (Government of India)। দেশে অনুপ্রবেশ আটকাতে ও নিরাপত্তা আরও জোরদার করার জন্য কেন্দ্রীয় সরকার দেশের প্রত্যেকটি সীমান্ত সুরক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এবার সেই উদ্যোগের অংশ হিসেবেই ভারত ও মায়ানমারের মধ্যে জমি অদল-বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন জমি পাল্টাপাল্টি করছে ভারত ও মায়ানমার?

সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার ১.৪৪ স্কোয়ার মাইল জমি মায়ানমারের সঙ্গে অদল বদল করার চিন্তা ভাবনা করছে।  ভারত-মায়ানমারের সীমান্তে স্পর্শকাতর এলাকায় এই জমি অদল-বদলের জন্য দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে। এই অংশটি মূলত মণিপুরের সীমান্তবর্তী এলাকা বলে জানা গেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, সীমান্তবর্তী কিছু জায়গা নিয়ে নিষ্পত্তি এখনও হয়, বর্তমানে বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। কিছুদিন আগে মার্কিন ম্যাগাজিন ‘দ্য ডিপ্লোম্যাট’-এও দাবি করা হয় যে, ভারত সরকার মায়ানমারের সঙ্গে ল্যান্ড এক্সচেঞ্জ করার পরিকল্পনা করছে। মণিপুর রাজ্যে ভারত-মায়ানমার সীমান্তে ৬৫ থেকে ৬৮ নম্বর পিলারের মধ্যে ১.৪ স্কোয়ার মাইল (৩.৬ কিলোমিটার) জমি বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন দুই প্রতিবেশী।

আরও পড়ুন: কেন বাংলাদেশে হামলা হল সাকিব আল হাসানের বাড়িতে? জানুন আসল কারণ

আরও নির্দিষ্টভাবে বললে, মণিপুরের চান্ডেল জেলায় এই জমি পাল্টাপাল্টি করা হবে বলে শোনা যাচ্ছে। এর উল্টোদিকে রয়েছে কাবাও ভ্যালি। যদি সীমানা নির্ধারণ এবং সীমানা চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হলে, তিন মাসের মধ্যেই এটি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি, ভারত ও মায়ানমার – দুই দেশের মধ্যে ১,৬৪৩ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে রয়েছে, যা চলে গেছে ভারতের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম ও মণিপুরের পাশ দিয়ে। এই সীমান্তের অধিকাংশ এলাকাই জঙ্গল দিয়ে ঘেরা এবং এখানে বসবাস করেন উভয় দেশেরই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এছাড়া, ১,৪৭২ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৭১ কিলোমিটার সীমান্ত অঞ্চলকে নিয়ে অরুণাচল প্রদেশের লোহিত সেক্টর ও মণিপুরের কাবাও ভ্যালিতে সমস্যা এখনও বিদ্যমান। 

শোনা যাচ্ছে, সীমান্তকে কাজে লাগিয়ে অপরাধমূলক কাজকর্ম রুখতে ও অনুপ্রবেশকারীদের আটকাতে দেশের সকল বর্ডারে কাঁটাতার দিতে চায় কেন্দ্র সরকার। এর মধ্যে মায়ানমার সীমান্তও অন্যতম। ২০২৪ সালে ভারত সরকার ১৬৪৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার দিয়ে ঘিরে দেবে বলে ঘোষণা করে। একইসঙ্গে ভারত-মায়ানমারের সীমান্তের মধ্যে অবাধ চলাচলও বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়। 

আরও পড়ুন: রাস্তায় কমবে ট্রাকের ঝঞ্ঝাট, বাড়বে ব্যবসা! মাস্টারস্ট্রোক ভারতীয় রেলের

২০১৮ সাল থেকে সীমান্তের ধারে যেসমস্ত  আদিবাসীরা থাকেন, তাদের শুধুমাত্র বর্ডার পাস দেখিয়ে বিনা ভিসায় দুই দেশের মধ্যে ১৬ কিলোমিটার পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল। এখন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তবর্তী এলাকার অদল-বদলের প্রস্তাবটি সামনে আসতেই মণিপুরে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে আটক ব্যক্তিদের পুশব্যাক করার সম্ভাবনাও তৈরি হচ্ছে।