মসজিদের সামনে ছটফটিয়ে গেল প্রাণ, পাকিস্তানে রহস্যময় মৃত্যু লস্কর জঙ্গি আজিজের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের রহস্য মৃত্যু আরেক লস্কর (Lashkar-e-Taiba) জঙ্গির। পাকিস্তানের (Pakistan) একটি হোটেল থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল লস্কর ই তৈবার কুখ্যাত জঙ্গি সইদ আব্দুল আজিজ। জানা যাচ্ছে, মসজিদের ভেতরে ঢুকতেই মৃত্যু হয়েছে ওই পাকিস্তানি জঙ্গির। ফের আরেক পাকিস্তানি জঙ্গির মৃত্যুতে দানা বাঁধছে রহস্য। বলাই বাহুল্য, এই নিয়ে সম্প্রতি মোট 20 জন জঙ্গির মৃত্যু হল পাকিস্তানে।

কীভাবে মৃত্যু হল পাক জঙ্গির?

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। জানা গিয়েছে, ইসলামাবাদের একটি হোটেলে খাবার খেয়ে স্থানীয় কুবা মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকছিল ওই লস্কর জঙ্গি। সেই মতোই, মসজিদের ভেতরে ঢুকে পড়ে সে। তবে ফটক পেরোতেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে লস্কর জঙ্গি আজিজ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই মুহূর্তের একটি ভিডিও।

ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, মসজিদে ঢুকে সিঁড়ির কাছেই বসে পড়ে ওই লস্কর জঙ্গি। কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে সে। মসজিদের মধ্যে আজিজের এমন অবস্থা দেখে ছুটে আসেন আশেপাশের কয়েকজন। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। ঘটনাস্থলেই তৎক্ষণাৎ মৃত্যু হয় ওই পাক জঙ্গির। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামাবাদের ওই মসজিদ চত্বরে। কিন্তু হঠাৎ কীভাবে মৃত্যু হল ওই জঙ্গির? উঠতে শুরু করেছে প্রশ্ন।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তানের একটি জনপ্রিয় হোটেলে খাবার খেয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আজিজ। ওই হোটেলের খাবার খেয়েই মৃত্যু হল কিনা তা এখনও স্পষ্ট নয়। অনেকেই মনে করছেন, হোটেল কর্তৃপক্ষকে দিয়ে আজিজের খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, তাতেই মৃত্যু হয়েছে পাকিস্তানি জঙ্গির! তবে এ নিয়েও ধোঁয়াশা রয়েছে। বলে রাখা প্রয়োজন জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর হাতে এনকাউন্টার হওয়ার জঙ্গিদের পরিবারকে সাহায্য যোগাতো লস্করের যে বিভাগ, সেই বিভাগের মূল দায়িত্ব ছিল এই আজিজ।