সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়েও কাশ্মীর আর ভারতের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ফের সুর চড়াল পাকিস্তান (Pakistan on Kashmir)। বৃহস্পতিবার পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি (Tahir Andrabi) দাবি করছেন যে, জম্মু-কাশ্মীরে জনবিন্যাস পরিবর্তনের পাশাপাশি মুসলিমদের উর্দু ভাষা ও সংস্কৃতিকে টার্গেট করছে ভারত সরকার। এমনকি শুধু তাই নয়, ভারতের শিক্ষা ব্যবস্থার গৈরিকীকরণ হচ্ছে বলেও তিনি তোপ দেগেছেন।
কাশ্মীর নিয়ে উর্দুর দোহাই পাকিস্তানের
কাশ্মীর প্রসঙ্গ নিয়ে পাকিস্তানের পুরনো রাগ বজায় রেখে এবার তাহির অভিযোগ করেছেন যে, ভারত সরকার কেবলমাত্র কাশ্মীরের জনবিন্যাস পরিবর্তন করছে না, বরং উর্দু ভাষা আর মুসলিম সংস্কৃতিকেও ধ্বংস করার চেষ্টা করছে। উর্দু ভাষা ভারতীয় উপমহাদেশের মুসলিমদের অভিন্ন পরিচয়। আর সেই ভাষার উপরে ভারত সরকারের আক্রমণে বিশ্ব সম্প্রদায়কে রুখে দাঁড়ানো উচিত। তাঁর দাবি, কাশ্মীরের স্থানীয় মুসলিমদের রীতিনীতি এবং ভাষাকে নিশানা করা সম্পূর্ণরূপে বেআইনি।
এদিকে দিল্লির ঐতিহাসিক জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আরএসএস-র শতবর্ষ পূর্তি অনুষ্ঠান ঘিরে তীব্র বিতর্ক নিয়ে মুখ খুলেছে পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, জামিয়ার মতো একটি সংখ্যালঘু প্রতিষ্ঠানে আরএসএস-র এই কর্মসূচি আসলে শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্বে রূপ দেওয়ার চেষ্টা চলছে। আমরা সংবাদমাধ্যমে দেখেছি যে, পড়ুয়াররা প্রতিবাদ করেছে। আর এটি ভারতের সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলির উপরে সরাসরি আঘাত।
অন্যদিকে উত্তরপ্রদেশের বিজেপি নেত্রী গীতা ত্যাগীর একটি বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করেছে ইসলামাবাদ। তাহির আন্দ্রাবির অভিযোগ, ওই নেত্রী মুসলিমদের নিয়ে যে ভাষায় আক্রমণ করেছেন তা সত্যিই দুর্ভাগ্যজনক এবং ঘৃণার দাবি রাখে। তাঁর দাবি, এই ধরনের বক্তব্য ভারতের বর্তমান শাসক দল এবং আরএসএস-র মুসলিম বিদ্বেষী মনোভাবকে প্রতিফলিত করছে।
আরও পড়ুন: ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায়, পাকিস্তানে খতম হিজবুল কমান্ডার সাজ্জাদ
আবার ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে বর্তমানে বিশ্বের নজর অন্য দিকে ঘুরে গিয়েছে বলেও দাবি করেন তিনি। এই সুযোগে ভারত নাকি কাশ্মীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও কঠোর করছে বলে দাবি আন্দ্রাবির। তিনি বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি ভারতের মুসলিম ভাষা এবং পরিচয় রক্ষার জন্য এগিয়ে আসুক। আর পাকিস্তান সব সময় এই বিষয়ে আওয়াজ তুলবে। গোটা বিশ্ব চুপ থাকবে না।










