বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা সমুদ্রের নিচ থেকে বেরিয়ে এলো বিশালাকার তিমি মাছ (Whale)। তার ধাক্কায় ডুবে গেল 52 ফুট লম্বা বিলাসবহুল জাহাজ। ঘটনাস্থল, প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)। জানা গিয়েছে, গত শনিবার রাতে তাই তাম নামক ওই জাহাজটিকে ধাক্কা মারে বিশালাকার স্পার্ম তিমি। সেই সময় ওই জাহাজে ছিলেন চারজন নাবিক। জাহাজটি ডুবে যাওয়ায় একটানা 18 ঘন্টা লাইফ র্যাফটে ভেসে থাকার পর রবিবার সকালে ওই চার নাবিককে উদ্ধার করে একটি কনটেইনার জাহাজ। যে ঘটনায় এবার প্রশান্ত মহাসাগর দিয়ে জাহাজে যাতায়াতের ক্ষেত্রে আতঙ্কিত হয়ে পড়ছেন অন্যান্য নাবিকরা!
তিমির ধাক্কায় কুপোকাত বিলাসবহুল জাহাজ
জানা গিয়েছে, তিমি মাছের ধাক্কায় জাহাজটি ডুবে যাওয়ার পর যে চারজন নাবিককে উদ্ধার করা গিয়েছে তাঁদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার দম্পতি জেম্মা কুপার এবং জেরেমি কুপার। একই সাথে উদ্ধার করা গিয়েছে নিউজিল্যান্ডের টেরি হেথারিংটন ও ফ্রান্সের মার্টিন জ্যাফ্রেকে। যা খবর, জাহাজটি ডুবে যাওয়ার পর রবিবার সকালে তাঁদের প্রত্যেককেই নরফোক দ্বীপ থেকে দূরে উত্তর প্রশান্ত মহাসাগর থেকে উদ্ধার করা হয়।
সিবিএস নিউজের রিপোর্ট অনুযায়ী, গত শনিবারের ওই ভয়ঙ্কর ঘটনার কথা বর্ণনা করেছেন নাবিকরা। এ প্রসঙ্গে এক নাবিক জানিয়েছেন, গত শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে আচমকা বিকট শব্দে নড়ে যায় গোটা জাহাজ। সেই সময় জাহাজের স্টিয়ারিং ধরে থাকা অবস্থায় ছিটকে পড়েন নাবিক জেম্মা কুপার। প্রাথমিকভাবে জাহাজটি ধাক্কা খাওয়ার কারণ বুঝে উঠতে না পারলেও পরে তাঁরা জলে বাদামি রঙের কিছু ছোপ দেখতে পান। আর তারপরেই নিচে তাকালে দেখা যায় বিশালাকার এক তিমি মাথা উঁচু করে রয়েছে।
আরও পড়ুন: BSF-র গুলিতে ২ পাক নাগরিকের মৃত্যু! ভারতীয় হাইকমিশনারকে তলব করল পাকিস্তান
ওই নাবিক আরও জানান, প্রথম তিমি মাছটিকে দেখতে পাওয়ার কিছুক্ষণের মধ্যেই নজরে আসে আরও 6 থেকে 7টি বিরাট তিমি মাছের একটি দল তাঁদের জাহাজটিকে ঘিরে ফেলেছে। শুধু তাই নয়, ক্রমাগত জাহাজটিতে ধাক্কা মারছিল জলজ প্রাণীগুলি। তাতে জাহাজের একপাশ ভেঙে জল ঢুকতে শুরু করে। ঠিক সেই সময় বাজতে থাকে জরুরী সংকেত। আর সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই জাহাজটি জলে তলিয়ে যায়। সেই সময় কোনও মতে লাইফ বোটে করে সেখান থেকে পালিয়ে এসেছিলেন চার নাবিক। নিউজিল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, রবিবার টহলরত অবস্থায় পি-8এ পোসেইডন বিমান ঘটনাস্থলে গিয়ে নাবিকদের খোঁজ পেয়েছিল।










