নিমেষে করবে ক্লান্তি দূর, জাদু জানে অপরাজিতা ফুলের চা! কীভাবে বানাবেন জেনে নিন

Published:

Butterfly Pea Flower Tea

অনন্যা সরকার, কলকাতা: চা খান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। দার্জিলিংয়ের সুগন্ধী পাতা হোক বো আসামের লিকার – চাপ্রেমীরা এই তরলের স্বাদে মজে থাকেন সারাদিন। তবে জানেন কি শুধু চা পাতা দিয়েই নয়, নানা ধরনের শুকনো ফুল বা জড়িবুটি দিয়েও বানানো যায় চা? যেমন অপরাজিতা ফুলের চায়ের (Butterfly Pea Flower Tea / Blue Tea) বেশ খ্যাতি আছে। এই ছোট সুন্দর নীল ফুলগুলো শুধু বাড়ির সৌন্দর্য বাড়ায় তাই নয়, আয়ুর্বেদ শাস্ত্রেও ফুলটির বিশেষ তাৎপর্য রয়েছে। অপরাজিতা ফুলের চায়ের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে, বয়স্ক ব্যক্তিরাও ঝুঁকছেন এই বিশেষ ধরনের চায়ের দিকে। কীভাবে তৈরি করা হয় এই চা, এটি পান কী উপকার মিলবে? আসুন জেনে নেওয়া যাক।

অপরাজিতা ফুলের চায়ের গুণাগুণ

বলা হয়ে থাকে অপরাজিতার চা মস্তিষ্কের জন্য খুবই উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রমতে, অপরাজিতা ফুলের চা-কে মস্তিষ্কের শক্তি বর্ধনকারী ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান যুগে মানুষের মানসিক চাপ ক্রমাগত বাড়ছে, পাশাপাশি অতিরিক্ত পরিশ্রমও করতে হয়। তাই সারাদিনের কাজের শেষে এক কাপ অপরাজিতার চা আপনার মন ও শরীরকে শান্ত করবে। এটি ক্লান্তি কমাতে এবং শক্তি জোগাতেও সাহায্য করে বলে জানাচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। তবে, কোনো গুরুতর মানসিক সমস্যার জন্য শুধুমাত্র এই চায়ের ওপর নির্ভর করা ঠিক নয়, উপযুক্ত ডাক্তারি পরামর্শের প্রয়োজন। 

কীভাবে বানাবেন অপরাজিতা ফুলের চা?

অপরাজিতা ফুলের চা বানানো খুব সহজ। এক গ্লাস জল নিয়ে তাতে দুই থেকে তিনটি তাজা অপরাজিতা ফুল দিয়ে এটিকে ভালোভাবে ফুটতে দিতে হবে। জল কমে প্রায় আধ কাপ মতো হয়ে গেলে, ফুলগুলো ছেঁকে নিলেই তৈরি। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, অপরাজিতা ফুলের প্রাকৃতিক গুণাগুণগুলি পাওয়ার জন্য এই চায়ের সাথে অন্য কিছু না মেশানোই ভালো। প্রয়োজনে, সামান্য মধু বা মিষ্টি যোগ করা যেতে পারে।

আরও পড়ুন: আটা না ময়দা, স্বাস্থ্যের জন্য কোনটি সেরা? জানুন বিস্তারিত

অপরাজিতা ফুলের চা শরীরকে ঠান্ডা রাখে। আয়ুর্বেদ শাস্ত্রমতে, এটি পিত্ত কমাতে সাহায্য করে। এটি মস্তিষ্ক সক্রিয় রাখতেও সাহায্য করে বলে অনেকে মনে করেন। অপরাজিতা ফুল মূলত তাদের জন্য বিশেষভাবে উপকারী, যাদের কাজে ক্রমাগত মানসিক কার্যকলাপ জড়িয়ে থাকে।

উল্লেখযোগ্যভাবে, বয়স্কদের জন্য অপরাজিতা ফুলের চা উপকারী হতে পারে, বিশেষ করে তাঁদের জন্য যাঁরা মানসিক ক্লান্তি বা চাপে ভোগেন। তবে, যেকোনো ভেষজ বা ভেষজ চা নিয়মিত পান করা শুরু করার আগে সেই ব্যক্তির বয়স, কী কী অসুস্থতা রয়েছে এবং কোন ধরনের ঔষধপত্র খান – এইসব দিকগুলি বিচার করা বাঞ্চনীয়। বেশিরভাগ বয়স্ক ব্যক্তিকেই নানা ধরনের অসুস্থতার জন্য ওষুধ খেতে হয়, তাই ডাক্তারের সাথে পরামর্শ করার পরেই তাঁরা নিয়মিতভাবে অপরাজিতার চা পান শুরু করতে পারেন।