আদর্শ অভিভাবকত্বের লক্ষণগুলি কী কী? জানুন বিশেষজ্ঞের মত

Published:

Good Parenting

অনন্যা সরকার, কলকাতা: এমন কোনো বাবা-মা খুঁজে পাওয়া যাবে না, যারা একজন ভালো, আদর্শ বাবা-মা হতে চান না (Good Parenting)। প্রত্যেক বাবা-মা-ই তাদের সন্তানের জন্য সেরাটা দিতে চান। তবে, ভালো বাবা-মা হওয়ার অর্থ শুধু সন্তানের প্রতিটি চাহিদা পূরণ করা বা তাদের সব কথায় রাজি হয়ে তাদের খুশি রাখা নয়। প্রতিদিনকার খুঁটিনাটি বিষয় ও সন্তানের সাথে বাবা-মায়ের আচরণও প্রকাশ করে যে তিনি তাদের কীভাবে বড় করে তুলছেন। শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডঃ গায়ত্রী রাঠোর এমন পাঁচটি লক্ষণের কথা জানিয়েছেন, যা অভিভাবকত্বের মূল্যায়ন করে এবং আপনি সত্যিই একজন ভালো বাবা বা মা হয়ে উঠতে পেরেছেন কিনা, তার ইঙ্গিত দেয়। চলুন জেনে নেওয়া যাক এই লক্ষণগুলি কী কী।

১. শান্ত থাকা

শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডঃ গায়ত্রী রাঠোর একটি ভিডিওতে একজন ভালো অভিভাবকের পাঁচটি লক্ষণ তুলে ধরেছেন। এর মধ্যে প্রথমটি হল সবকিছুতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখানো। একজন ভালো অভিভাবক নিজের রাগ নিয়ন্ত্রণ করেন এবং প্রথমে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং তারপরেই প্রতিক্রিয়া দেখান। মনে রাখতে হবে যে, যখন কোনও শিশু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন তাকে পরিস্থিতি সামলাতে সাহায্য করার জন্য অভিভাবকের শান্ত থাকা দরকার।

২. রোল মডেল হওয়া

মনোরোগ বিশেষজ্ঞ জানাচ্ছেন, শিশুরা শুধু কান দিয়ে শোনেই না, তারা সবকিছু আত্মস্থও করে। বাবা, মা যেভাবে কথা বলেন ও প্রতিক্রিয়া দেখান, শিশুরাও সেখান থেকেই শেখে। সন্তানের কাছে তার বাবা-মাই রোল মডেল। 

আরও পড়ুন: বদলে গেল সরকারি স্কলারশিপের একাধিক নিয়ম, নয়া নির্দেশিকা কেন্দ্রের

৩. শোনার ক্ষমতা রাখা

সন্তানের কথা শোনা এবং তাকে বোঝা অত্যন্ত জরুরি। তাই বাবা মায়েরা তাদের সন্তানের কথা যত বেশি শুনবেন ও তাকে বুঝতে চেষ্টা করবেন, ততই তাদের মধ্যে বন্ধন ও যোগাযোগ মজবুত হয়ে উঠবে। 

৪. নিঃশর্ত ভালোবাসা

ডাক্তারের মতে, যেকোনও আদর্শ বাবা-মাই তাদের সন্তানের ভুল ধরিয়ে দেন, কিন্তু সন্তানকে বিচার করেন না। অর্থাৎ, সন্তানের আচরণের ওপর ভিত্তি করে বাবা মায়ের ভালোবাসা বদলায় না। তারা সবসময়ই তাদের সন্তানকে নিঃশর্তভাবে ভালোবাসেন।

৫. সীমা নির্ধারণ করা

বিশেষজ্ঞের ব্যাখ্যা করা পঞ্চম গুণটি হল সন্তানদের জন্য সীমা ও নিয়মকানুন নির্ধারণ করে দেওয়া। শিশুদের নিয়ম-শৃঙ্খলার পাঠ পড়ানো অত্যন্ত জরুরি, কিন্তু কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। এভাবেই শিশু দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তাই, ভালো বাবা-মা হতে গেলে এই বিষয়গুলোর দিকে বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন।

আরও Parenting