পুজোর আগে ডেঙ্গু-ম্যালেরিয়া থেকে বাঁচতে মশামুক্ত রাখুন ঘর, রইল সেরা ৫ উপায়

Published:

Mosquito

অনন্যা সরকার, কলকাতা: বর্ষায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের প্রকোপ বেড়ে যায়। যদিও শুরু হয়ে গেছে শরৎকাল। তবুও এবছর বৃষ্টির রেশ এখনও কাটেনি। বর্তমান আবহাওয়ার কারণে ভাইরাল ফ্লু-র প্রকোপও বাড়ছে। তাই এই সময়ে সুস্থ থাকতে বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো রোগ সঠিক চিকিৎসায় সেরে গেলেও, চিকিৎসায় দেরি হলে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আর কয়েকটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই এসময় এই রকম শারীরিক অসুস্থতা থেকে দূরে থাকা দরকার। ডেঙ্গু, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া থেকে বাঁচতে সবার আগে ঘরকে মশামুক্ত (Mosquito Control) রাখা দরকার। কীভাবে মশাদের প্রতিরোধ করবেন, আসুন জেনে নেওয়া যাক ৫টি সহজ সমাধান।

কীভাবে ঘর রাখবেন মশামুক্ত?

১. বাড়ির আশেপাশে মশার বংশবৃদ্ধি রোধ করতে জরুরি পদক্ষেপগুলি এখনই নিন। কোথাও জল জমে থাকলে, তা অবিলম্বে পরিষ্কার করুন। ছাদ বা বাগানে রাখা ফুলের টব, বালতি বা খোলা পাত্রে যদি বৃষ্টির জল জমে থাকে, তাহলে সেগুলির জল ফেলে দিয়ে উল্টে রাখুন।

২. শুধু সন্ধ্যায় নয় বরং ভোরবেলাতেও জানালা বন্ধ রাখার অভ্যাস করতে হবে। আর পুজোর জন্য ঘর সাজানোর সময় জানালায় মশার জাল লাগিয়ে নিলে বাইরে থেকে মশা ঢোকার আর সম্ভাবনা থাকে না। যদি আগে থেকেই জাল লাগানো থাকে, তবে তাতে কোনো ছিদ্র বা ছেঁড়া অংশ আছে কি না, তা ভালো করে পরীক্ষা করে করে দেখতে হবে।

আরও পড়ুন: মস্তিষ্ক গবেষণায় অভূতপূর্ব সাফল্য, চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

৩. রান্নাঘরে আবর্জনা জমতে দিলে নানা রকম পোকামাকড়ের সাথে মশার উপদ্রব বাড়ার ঝুঁকি থাকে। তাই প্রতিদিন আবর্জনার পাত্র খালি ও পরিষ্কার করে রাখতে হবে এবং বাড়ির কোথাও বর্জ্য বা আবর্জনা স্তূপ করে রাখা চলবে না।

৪. সন্ধ্যায় সিলিং ফ্যান চালিয়ে রাখলে মশার হাত থেকে বাঁচতে পারবেন। জোরে বাতাসের চলাচল মশাদের প্রতিরোধ করতে সাহায্য করে। সন্ধ্যায় নিয়মিত ঘরে ধূপ ধুনো জ্বালাতে হবে। এতে ঘর মনোরম সুবাসে ভরে ওঠার পাশাপাশি মশাও দূরে থাকে।

৫. অনেকেই গৃহসজ্জার জন্য ফুলগাছ ও ইনডোর প্ল্যান্ট ঘরের বিভিন্ন কোণায় রাখেন। কিন্তু গাছের গোড়ায় জল জমে থাকা বা ফুলদানির জল নিয়মিত পরিবর্তন না করার ফলে মশার প্রকোপ বাড়তে পারে। তাই এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

google button