সাবান নয়! পুজোর আগে পুরোনো সোনার গয়না পরিষ্কার করুন এভাবে

Published:

Gold Cleaning Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর (Durga Puja 2026) বাকি আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। মায়ের আগমনের আনন্দে সেজে উঠেছে গোটা রাজ্য, সাজগোজের বাহার নিয়ে তৈরি হয়েছে লম্বা তালিকা। দুর্গাপুজোর অষ্টমী হোক বা দশমী, সাবেকি শাড়ির সঙ্গে যদি একটু সোনার গয়নার ছোঁয়া না থাকে তাহলে সেই সাজ একেবারে অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু বাজারে সোনার (Gold) যা দাম, তা ছোঁয়াও মহাপাপ। তবে খানিক ভরসা দিচ্ছে সঞ্চিত পুরোনো গয়না। কিন্তু সাধের গয়নাগুলি কেমন যেন কালো হয়ে যাচ্ছে। তাই বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে (Gold Cleaning Tips) শিখে নিন কীভাবে এই পুরোনো গয়না পরিষ্কার রাখবেন।

কালো হয়ে যাচ্ছে সোনা

দীর্ঘদিন ধরে ব্যবহার করা সোনার গয়না ঘাম, দেহের ময়লা, রাসায়নিক কিংবা আর্দ্রতার জন্য জেল্লা হারায়। অনেকেই বাড়িতে সাবান দিয়ে সোনার গয়না পরিষ্কার করেন। তাতে গয়নার গায়ে জমে থাকা ধুলো-ময়লা উঠে যায় সহজেই কিন্তু সোনার ঔজ্জ্বল্য ধরে রাখতে পারে না সাবান। এদিকে প্রতি বার দোকানে দিয়ে সেগুলি পরিষ্কার করানো বেশ খরচসাপেক্ষ, তাই চিন্তা না করে বেশ কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই পরিষ্কার করে ফেলুন আপনার পুরোনো সোনার গয়না। রইল টিপস।

গরম জল

একটি পাত্রে সামান্য হালকা গরম জল নিয়ে তাতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে নিতে হবে। এরপর সোনার গয়নাগুলোকে ১০ থেকে ১৫ মিনিট ধরে ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর একটি টুথব্রাশ দিয়ে গয়নার খাঁজগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপর শুকনো সুতির কাপড় দিয়ে মুছে দিতে হবে। তবে ভুলেও হিরে বা পাথর বসানো সোনার গয়না কখনও জলের মধ্যে ডুবিয়ে রাখা উচিত নয়। এতে পাথরের আঠা ঢিলে হয়ে যেতে পারে।

আরও পড়ুন: বাড়ি থেকে মশা তাড়ানোর সহজ উপায়

বেকিং সোডা

গয়নার অতিরিক্ত ময়লা পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন বেকিং সোডা। যেসব গয়নায় খুব বেশি ময়লা জমে গিয়ে কালো ভাব দেখা যাবে, সেগুলোর ক্ষেত্রে ১ চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। টুথব্রাশ বা হাতের সাহায্যে এই পেস্ট গয়নার ওপর লাগিয়ে হালকা হাতে ঘষে নিন। এরপর ২-৩ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে পরিষ্কার কাপড়ে মুছে নিলেই সোনার চমক ফিরে আসবে।

ডিটারজেন্ট

হালকা গরম জলের মধ্যে লিকুইড ডিটারজেন্ট ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ গয়না জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন। এরপর বেবি টুথব্রাশ নিয়ে আলতো করে ঘষলেই ময়লা উঠে আসবে। এছাড়াও, গয়নায় সিঁদুর মাখিয়ে রাখলেও আগের মতোই উজ্জ্বলতা ফিরে আসে। পাশাপাশি কুমড়োর রসের মধ্যেও সোনা ডুবিয়ে রাখলে পুরোনো উজ্জ্বলতা ফিরে পাওয়া যায়।

আরও Gold Gold Jewellery
google button