আর যাবে না পচে! এই ছয় উপায়ে দীর্ঘদিন সতেজ রাখুন লেবু

Published:

Lemon

অনন্যা সরকার, কলকাতা: ভারতীয় হেঁসেলে লেবু (Lemon) খুবই গুরুত্বপূর্ন একটা জিনিস। স্যালাডের স্বাদ বাড়াতে, রান্না করা পদগুলোতে স্বাদের চটক বাড়াতে, কিংবা চাটনি বা পানীয় তৈরিতে – সর্বত্রই লেবু অপরিহার্য। তবে সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় তখন, যখন লেবু ব্যবহারের আগেই শুকিয়ে যায় বা কিনে আনার কয়েক দিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে শুরু করে। তখন এগুলোকে ডাস্টবিনে ফেলে ছাড়া উপায় থাকে না। আসলে লেবু ঠিকমতো সংরক্ষণ না করার কারণেই এই সমস্যাটি তৈরি হয়। কিন্তু কিছু সহজ ও ঘরোয়া পদ্ধতিতে (Easy Hacks) লেবুকে বেশ কয়েক সপ্তাহ ধরে তাজা রাখা সম্ভব। চলুন তাহলে ওই চমৎকার সমাধানগুলো জেনে নেওয়া যাক।

১. লেবুকে রসালো রাখার কৌশল

লেবুকে আরও বেশিদিন রসালো রাখতে চাইলে, একটি বাটিতে জল ভরে তার মধ্যে লেবুগুলোকে পুরোপুরি ডুবিয়ে ফ্রিজে রেখে দিন। তবে মনে রাখবেন, প্রতি ২-৩ দিন পর পর এই জল বদলে দিতে হবে। এভাবে লেবু শুকোবে না এবং রসও পর্যাপ্ত থাকবে।

২. ফ্রিজে এয়ার-টাইট পাত্র বা জিপ-লক ব্যাগ ব্যবহার

লেবুকে দীর্ঘ সময় ধরে তাজা রাখার সবচেয়ে সহজ উপায় হল এটি। লেবুগুলোকে একটি বায়ুরোধী পাত্র কিংবা বায়ুরোধী জিপ-লক ব্যাগে রেখে ফ্রিজে সংরক্ষণ করলে এগুলো দীর্ঘদিন সতেজ থাকে। এতে লেবুর প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে, যা ফ্রিজের মধ্যে সেগুলোকে প্রায় ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত ভালো রাখতে পারে। 

আরও পড়ুন: ঘর পরিষ্কার করার সময় আবর্জনা ভেবে ভুলেও ফেলবেন না এই ৬টি জিনিস, পরে হবে আফসোস

৩. পেপার টাওয়েলে মুড়ে রাখা

লেবুগুলোকে পেপার টাওয়েলে মুড়েও রাখা যায়। তারপর, সেগুলোকে একটি কৌটো বা ব্যাগে রেখে ফ্রিজে সংরক্ষণ করুন। পেপার টাওয়েল অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে, ফলে লেবুগুলো নেতিয়ে পড়ে না ও সহজে পচন ধরে না। অনেকদিন তাজা থাকে।

৪. সর্ষের তেলের হালকা প্রলেপ

লেবু ভালো রাখার একটি দারুণ ঘরোয়া উপায় এটি। লেবুর ওপর সর্ষের তেলের একটি খুব পাতলা প্রলেপ দিয়ে এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তেলের স্তরটি লেবুকে সরাসরি বাতাস এবং আর্দ্রতার সংস্পর্শে আসতে দেয় না, ফলে খারাপ হওয়ার ঝুঁকি কমে।

আরও পড়ুন: হালাল নাকি ঝটকা, কোন মাংস খাওয়া ধর্ম ও স্বাস্থ্যের পক্ষে উপযোগী?

৫. রস বের করে বরফ বানিয়ে রাখা

কখনও কখনও বাড়িতে অনেক লেবু জমে  যায় এবং সেগুলো দ্রুত ব্যবহার করাও মুশকিল হয়ে পড়ে। এরকম পরিস্থিতিতে সবচেয়ে ভালো উপায় হলো লেবুগুলির সব রস বের করে একটি আইস ট্রে-তে জমিয়ে রাখা। পরে বরফ হয়ে যাওয়া এই  রস সুবিধামতো ব্যবহার করা যাবে। এভাবে রাখলে লেবুর স্বাদ এবং পুষ্টিগুণ দুই বজায় থাকে।

৬. কাটা লেবু তাজা রাখার উপায়

সবসময় পুরো লেবুর দরকার হয় না। প্রায়ই দেখা যায় অর্ধেকটা লেবু ব্যবহার হয়েছে, আর বাকি অর্ধেকটা থেকে গেছে। অবশিষ্ট অংশটি সংরক্ষণ করার জন্য একটি প্লেটের ওপর উল্টো করে রেখে দিতে পারেন। অথবা, ফ্রিজে বায়ুরোধী পাত্রের মধ্যেও রাখা যায়। এতে কাটা অংশটি দ্রুত শুকিয়ে যায় না এবং এক-দু’দিন পরেও ব্যবহারযোগ্য থাকে। সঠিকভাবে সংরক্ষণ করলে আর কখনও লেবু ফেলা যাবে না। এই সহজ উপায়গুলো ব্যবহার করে লেবুকে অনেকদিন পর্যন্ত রসালো ও সতেজ রাখতে পারেন।

আরও Lemon