অনন্যা সরকার, কলকাতা: পুজোর মরশুম এসে গেছে। এই সময় বাড়িতে আত্মীয়-পরিজন ও বন্ধু বান্ধবদের আনাগোনা লেগেই থাকে। অতিথিরা বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা বাথরুম দেখে বিচার করেন। তবে অনেক সময় বাথরুম একেবারে ঝকঝকে পরিষ্কার থাকলেও, জলের দাগ, সাদা খনিজ পদার্থ বা ‘লাইমস্কেল’ এবং মরচের দাগের কারণে কল (Bathroom Faucets) এবং হাতলগুলি পরিষ্কার না থাকলে এর সামগ্রিক সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। যেসব এলাকায় জলের খরতা বেশি, সেখানে স্টেইনলেস স্টিলের কলে জমে থাকা দাগ দ্রুত পরিষ্কার না করলে তা দেখতে কালচে ও বিশ্রী লাগতে পারে। তবে, কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করে এগুলো সহজেই পরিষ্কার করা যায়। কোন উপায়গুলি কাজে লাগিয়ে আবার বাথরুমের কল ঝকঝকে করে তুলবেন, আসুন জেনে নেওয়া যাক।
কল পরিষ্কার করার সহজ উপায়
লেবুর মিশ্রণ: যদি কলের ওপর মরচের দাগ ধরে, তাহলে এক কাপ লেবুর সাথে আধা চা চামচ নুন ও সামান্য জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এটি কল ও দাগযুক্ত হাতলে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর, সামান্য ভিনেগার লাগিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করুন ও একটি নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে আলতো করে ঘষুন। তবে খসখসে স্ক্রাবার ব্যবহার করবেন না, এতে কলের ফিনিশে আঁচড় পড়তে পারে। লেবুর অ্যাসিড ময়লা এবং জলের জেদি দাগ দূর করতে সাহায্য করে। দাগের ওপর সরাসরিও লেবু কেটে নিয়ে ঘষতে পারেন।
ভিনেগার: শুকিয়ে যাওয়া খর জলের দাগ ও খনিজ পদার্থের স্তর পরিষ্কার করার জন্য ভিনেগার খুবই কার্যকরী। তবে এটি বেশিক্ষণ সরাসরি লাগিয়ে রাখতে নেই, প্রয়োজনে জলের সাথে মিশিয়ে নিতে পারেন। কয়েক মিনিট পর, একটি নরম কাপড় দিয়ে মুছে নিয়ে ভালোভাবে ধুয়ে ফেললেই দাগ গায়েব। ভিনেগারের সাথে সামান্য নুনও মেশাতে পারেন। তবে, কলটি কোন উপাদান দিয়ে তৈরি এবং প্রস্তুতকারকের নির্দেশাবলী আগে থেকে দেখে নিন। এতে অম্লতা সহ্য করার ক্ষমতা আছে কি না জেনে তবেই উপাদানগুলি ব্যবহার করুন।
আরও পড়ুন: ফেলবেন না পেঁয়াজের খোসা, এভাবে কাজে লাগালেই হবে হাজার হাজার টাকা সাশ্রয়
বেকিং সোডার মিশ্রণ: দাগ তোলার আরেকটি কার্যকরী উপাদান হল বেকিং সোডা। দুই থেকে তিন চা চামচ বেকিং সোডার সাথে সামান্য লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করে কলটিতে লাগিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর একটি নরম স্পঞ্জ দিয়ে আলতো করে ঘষে ধুয়ে ফেলতে হবে। পরিষ্কার করার পর শুকনো কাপড় দিয়ে কলটি মুছে শুকিয়ে নিলে নতুন জলের দাগ পড়া প্রতিরোধ করা যায়। নিয়মিত এভাবে ঘরোয়া উপায়ে যত্ন নিলে আপনার বাথরুম ও এর ঝকঝকে কলগুলো অতিথিদের নজর কাড়বে।










