সৌভিক মুখার্জী, কলকাতা: স্বস্তির খবর। দেশের কোটি কোটি সাধারণ ও অসংগঠিত ক্ষেত্রের চাকরিজীবীদের জন্য এবার আশার আলো দেখাচ্ছে সরকার। কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) মাসিক পেনশনের ঊর্ধ্বসীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে পেনশন তহবিল নিয়ামক সংস্থা পিএফআরডিএ।
সূত্রের খবর, সংস্থার চেয়ারম্যান এস রমন অটল পেনশন যোজনার বার্ষিক সভায় যোগ দিয়ে স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে এই স্কিমের আওতায় সর্বোচ্চ মাসিক ৫০০০ টাকা পর্যন্ত পেনশন দেওয়া হয়। কিন্তু বর্তমানে বাজারের মূল্যবৃদ্ধির যা পরিসংখ্যান, তাতে এই টাকার অংক বাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল। গ্রাহকদের সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার পেনশন বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।
অর্থমন্ত্রকের সঙ্গে চলছে বৈঠক
প্রসঙ্গত, পেনশনের অংক বাড়ানো হলেও তা যে হুট করে সম্ভব হবে না তা স্পষ্ট জানিয়েছেন চেয়ারম্যান। তাঁর কথায়, যেহেতু এই প্রকল্পে সরকারের আর্থিক অনুদান জড়িয়ে রয়েছে, তাই পেনশন বাড়ানোর ফলে সরকারের রাজকোষে অনেকটাই প্রভাব পড়তে পারে, এবং অতিরিক্ত খরচের চাপ পড়বে। বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন আছে। চূড়ান্ত সিদ্ধান্ত জন্য পিএফআরডিএ নিয়মিত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সাথে থাকা আর্থিক পরিষেবা বিভাগ বা ডিএফএস-র সঙ্গে যোগাযোগ রাখছে। সমস্ত দিক বিবেচনা করার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আরও পড়ুন: রাজ্যের নির্দেশিকাই বহাল! ‘ইদে গোহত্যা বাধ্যতামূলক নয়’ সব মামলা খারিজ হাইকোর্টে
এদিকে আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগার্জুন ব্যাঙ্ক আর আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, বর্তমানে অটল পেনশন যোজনায় সবথেকে বেশি আবেদন জমা পড়ে ন্যূনতম ১০০০ টাকার পেনশনে স্ল্যাবে। সরকার চাইছে, গ্রাহকরা যাতে ভবিষ্যতে নিজেদের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে ১০০০ টাকার পরিবর্তে আরও বেশি অংকের পেনশন স্ল্যাব বেছে নেয়। সেক্ষেত্রে ২০০০ টাকা বা ৫০০০ টাকা এমন হতে পারে। তার জন্য ব্যাঙ্কগুলিকে সাধারণ গ্রাহকদের সহজ ভাষায় এই স্কিমের দীর্ঘমেয়াদি লাভ বুঝিয়ে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। এখন দেখার, পেনশন আদৌ বাড়ে কেনা।










