পুজোর মাসেই স্বস্তি মধ্যবিত্তর! কমতে পারে রান্নার গ্যাসের দাম

Published:

lpg price

আনিষা চৌধুরী, কলকাতা: পুজোর আগে ফের গ্যাসের দাম (LPG Price) নিয়ে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। সেপ্টেম্বরের শুরুতেই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে তেল সংস্থাগুলি। যদিও ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম দরে আপাতত কোনও পরিবর্তন হয়নি। ফলে বাড়ির রান্নাঘরে এখনই কোনও বাড়তি খরচের চাপ পড়েনি। তবে এই বাড়তে থাকা দাম থেকে রেহাই পায়নি রেস্তোরাঁ, হোটেল এবং ছোট খাবারের দোকানের ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের জেরে জ্বালানি নিয়ে বাজারে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আগামী মাসে গ্যাসের দরে কী পরিবর্তন আসে, সেদিকেই নজর গ্রাহকদের।

চার শহরে গ্যাসের বর্তমান দর

১৮ সেপ্টেম্বরের হিসাবে কলকাতায় ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের জন্য খরচ হচ্ছে ২,৮৮৪ টাকা। দিল্লিতে ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৪২ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৭৪৭ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে ১৪.২ কেজির সিলিন্ডার ৯৪১ টাকা ৫০ পয়সায় মিলছে, আর ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ২,৭০১ টাকা। চেন্নাইয়ে ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৫৭ টাকা ৫০ পয়সা। সেখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৯১৬ টাকা ৫০ পয়সা। অর্থাৎ চার শহরের মধ্যে চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের দর সবচেয়ে বেশি।

চলতি বছরের জুলাই ও আগস্টে বাণিজ্যিক এলপিজির দামে কিছুটা স্বস্তি মিলেছিল। কলকাতার হিসাবে জুলাইয়ে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছিল ১৮৩.৫০ টাকা এবং আগস্টে কমেছিল ২০৯ টাকা। সেই ধারায় ব্যাঘাত ঘটিয়ে সেপ্টেম্বরের শুরুতেই ফের বেড়ে গিয়েছে দাম। ১ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ঘরোয়া রান্নার গ্যাসের দাম এখনও পর্যন্ত অপরিবর্তিত। কিন্তু সেটা আর কতদিন?

আরও পড়ুন: বয়স ৯ মাস, হামাগুড়ি দেওয়ার বয়সে বিশ্বরেকর্ড গড়ে বিশ্ববাসীকে ‘শিক্ষা’ দিল ভারতের শ্রেয়া

অক্টোবরেও কি কমবে গ্যাসের দাম?

তেল বিপণন সংস্থাগুলি সাধারণত প্রতি মাসের শুরুতে এলপিজির দাম পর্যালোচনা করে নতুন দর ঘোষণা করে। আগামী মাসের শুরুতেও নতুন করে দাম দর নির্ধারণ করা হবে। গত দু’মাসে দাম কমার পর মূল্যবৃদ্ধির গ্রাফ দেখে আশা করা যাচ্ছে পুজোর মাসেও মধ্যবিত্তর রান্নাঘরে মিলতে পারে স্বস্তি। নতুন করে এলপিজির দাম বৃদ্ধি না পাওয়ারই সম্ভাবনা বেশি। তবে অক্টোবরে পুজোর আগে দরদাম কেমন থাকবে সেটা নিয়ে মাসের শুরুতে তেল সংস্থাগুলির নেওয়া সিদ্ধান্তের পরই নিশ্চিত হওয়া যাবে।